বেহাত হচ্ছে কুমিল্লার মনপাল গ্রামের সরকারি খাসজমি!

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২১:৪১

কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের মনপাল গ্রামে রয়েছে সরকারের সাত একর খাসজমি, যা খালি পড়ে আছে। তবে দিন দিন বেহাত হয়ে যাচ্ছে এসব জমি। স্থানীয় জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ দীর্ঘদিন ধরে এখানে খেলার মাঠ আর বিনোদনকেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে আসছেন।  মনপাল গ্রামের বাসিন্দা ও উত্তরদা ইউপি সদস্য মো. বিল্লাল হোসেনসহ বিভিন্ন পেশার লোকজন বলেন, লাকসাম উপজেলায় কোনো বিনোদনকেন্দ্র নেই। এছাড়া উত্তরদাসহ আশপাশের ইউনিয়ন এলাকায় নেই উল্লেখযোগ্য কোনো খেলার মাঠ। তাই মনপাল গ্রামে খালি পড়ে থাকা সরকারের এই বিশাল জমিতে খেলার মাঠ ও বিনোদনকেন্দ্র স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। মনপালের ফুলকলি বিদ্যানিকেতনের পরিচালনা কমিটির সভাপতি মো. লতিফুর রহমান খোকন ও উত্তরদা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাসুদুল হক বলেন, মনপাল গ্রামের সরকারের ঐ খাসজমিটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ধীরে ধীরে এই জমি বেহাত হয়ে যাচ্ছে।

উত্তরদা ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বলেন, সরকারের এই বিস্তীর্ণ জমিতে পরিকল্পিতভাবে খেলার মাঠ আর বিনোদন৩েকন্দ্র স্থাপনের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন, এই দাবি আমারও। এখানে খেলার মাঠ করা হলে চার-পাঁচটি ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ছাড়াও ছেলেমেয়েরা গ্রামীণ খেলাধুলায় উদ্যোগী হবে এবং বিনোদন কেন্দ্র হলে দর্শনার্থীদের ঢল নামবে। তরুণরা মাদকসহ বিভিন্ন অসামাজিক কাজ থেকে বিরত থাকবে এবং এই স্থান ঘিরে ব্যবসাবাণিজ্যেরও প্রসার ঘটবে।

লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভুঁইয়া বলেন, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সম্প্রতি স্থানটি পরিদর্শন করা হয়েছে। এখানে খেলার মাঠ ও বিনোদনকেন্দ্র স্থাপনের বিষয়ে সহসাই উদ্যোগ নেওয়া হবে। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সাইফুল আলম বলেন, মনপাল গ্রামে সরকারের সাত একর খাসজমি রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে জমিটি পরিদর্শন করা হয়েছে। স্থানটি খেলার মাঠ আর বিনোদনকেন্দ্র স্থাপনের উপযোগী। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।