যত্রতত্র হর্ন বাজানো বন্ধ করুন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২২:০৯

মোটরসাইকেল বা গাড়ি যত্রতত্র হর্ন বাজিয়ে শব্দদূষণ এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মনে হয়, গাড়িচালকেরা হর্ন বাজানোর প্রতিযোগিতায় নেমেছেন! ২০১৭ সালের ২৩ আগস্ট হাইকোর্ট যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলেও সেই আইন কতটা মানা হয়, সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। উইকিপিডিয়ার তথ্যমতে, একজন মানুষের শব্দ গ্রহণের স্বাভাবিক মাত্রা ৪০-৫০ ডিবি পর্যন্ত। এমন অনেক হর্ন রয়েছে, যে হর্নগুলো ৬০ ডিবি থেকে শুরু করে ১২০ ডিবি পর্যন্ত শব্দ উত্পন্ন করে। সাধারণত ৬০ ডিবি শব্দ মানুষকে সাময়িকভাবে এবং ১০০ ডিবি শব্দ সম্পূর্ণ বধিরতা সৃষ্টি করতে পারে। এ ধরনের হর্ন শব্দদূষণ এবং স্বাস্থ্যহানির অন্যতম কারণ। তাই প্রশাসনের উচিত হাইড্রোলিক হর্ন কেনাবেচা বন্ধ করা এবং যানবাহন চালকদের মাঝে সামাজিক সচেতনতা বাড়াতে কারণে-অকারণে হর্ণ বাজানোর ক্ষতিকর দিক তুলে ধরা।

ইমাম হোসেন

মীরসরাই, চট্টগ্রাম