ভোটকেন্দ্রে গণতন্ত্রকে কার্যকর অবস্থায় দেখার প্রত্যাশা কূটনীতিকদের

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২২:৩৯

ঢাকা সিটি নির্বাচন নিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন ৯টি পশ্চিমা দেশের ঢাকার মিশন প্রধানরা। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ হাইকমিশনের ফেসবুক পেজে দেওয়া ঐ বিবৃতিতে তারা বলেছেন, ১ ফেব্রুয়ারির ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ঢাকার নাগরিকদের গণতান্ত্রিক অধিকার চর্চার একটি সুযোগ। ঢাকায় অবস্থিত কূটনীতিক ও নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত পর্যবেক্ষক হিসেবে আমরা এই শহরের ভোটকেন্দ্রসমূহে গণতন্ত্রকে কার্যকর অবস্থায় দেখার প্রত্যাশা করছি।

আমরা আরো আশা করছি যে, বাংলাদেশের সরকার, নির্বাচন কমিশন এবং সব সংশ্লিষ্ট রাজনৈতিক দল শান্তিপূর্ণ ও উত্সবমুখর পরিবেশে জনগণের ভোট দেওয়ার অধিকারকে সম্মান জানাবেন এবং স্বচ্ছতা ও সততার সঙ্গে ভোট গণনা করবেন। বিবৃতিতে সই করেছেন, কানাডার হাইকমিশনার বেনাওয়ে প্রিফন্টেইন, সুইডেনের রাষ্ট্রদূত শালোর্টা স্লাইটার,     মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসন, নেদারল্যান্ডসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জোরোন স্টিগস, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার পেনি মর্টন এবং সুইজারল্যান্ডের চার্জ দ্য অ্যাফেয়ার্স সুজান মুলার।