গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, এসএসসি পরীক্ষার্থী নিহত

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ২২:৩৮

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার (১৫) নিহত হয়েছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বণগ্রাম মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রনি ঐ গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। সে পার্শ্ববর্তী বলাকইড় গ্রামের আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

পুলিশ জানায়, বণগ্রামের সাবেক মেম্বর আজিজুর শেখ ও মাতব্বর নতুন মোল্লার মধ্যে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি নতুন মোল্লাকে সাবেক মেম্বর আজিজুরের লোকজন মারপিট করে। এর জেরধরে গতকাল বণগ্রামের একটি দোকানের বেঞ্চে বসাকে কেন্দ্রে করে দুই পক্ষের লোকজন কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রাইভেট পড়ে ফেরার পথে রনি সংঘর্ষের মধ্যে সাবেক মেম্বর আজিজের ছোড়া গুলিতে নিহত হয়।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএসপি সার্কেল মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্র নিহত হয়ছে। পুলিশ অপরাধীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

আজিজ মেম্বরের ভাবি বেবি বেগম বলেন, ঘটনার পর আজিজ ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে।  রনির বাবা আনোয়ার হাওলাদার বলেন, আমার ছেলে প্রাইভেট     পড়ে বাড়ি ফেরার সময় দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে যায়। আজিজ মেম্বরের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা আমার ছেলেকে গুলি করে হত্যা করা হয়। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।