ঢাকা দক্ষিণ সিটিতে নির্বাচনি প্রচারণাকালে গুলি ছোড়া বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের পিএসকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার রাত পৌনে ১টার দিকে নগরীর হাতিরঝিল থানা এলাকা থেকে ইশরাকের পিএস আরিফুল ইসলামকে গ্রেফতার করে। একসময় ছাত্রদল করতেন তিনি। ইশরাকের বাবা প্রয়াত সাদেক হোসেন খোকারও ব্যক্তিগত সহকারী ছিলেন। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও ৫০ রাউন্ড গুলি। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন এসব কথা জানান।
আবদুল বাতেন বলেন, স্থানীয় সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন সংবাদমাধ্যমে আসা ছবি ও ভিডিও পর্যালোচনা করে তারা আরিফুলকে শনাক্ত করেন। তার মুখমণ্ডল, জামাকাপড়, জুতা ও হেলমেট দেখে এবং গুলির ঘটনার কিছুক্ষণ আগে ধারণ করা স্থিরচিত্রের সঙ্গে তার হেলমেটবিহীন ছবি মিলিয়ে তাকে চিহ্নিত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন। ঘটনাস্থলে পাওয়া গুলির খোসা এবং আরিফুলের কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তলের ক্যালিবার ও ৫০ রাউন্ড গুলি একই ধরনের। আরিফুলের পিস্তলটির লাইসেন্স রয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবদুল বাতেন বলেন, তিনি পিস্তলটির লাইসেন্স দেখাতে পারেননি। তবে পিস্তলটি লাইসেন্স করা থাকুক বা না থাকুক, তিনি যখনই গুলি করেছেন, সেটি অবৈধ হয়ে গেছে। অপর এক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগতদের ধরতে আলাদা কোনো অভিযান হচ্ছে না। সন্ত্রাসী হলে পুলিশ সব সময় ধরবে। গত রবিবার গোপীবাগের সেন্ট্রাল উইমেন্স কলেজের মোড়ে আধা ঘণ্টার বেশি সময় ধরে ঐ সংঘর্ষে এক সংবাদকর্মীসহ বেশ কয়েক জন আহত হন। সে সময় গুলির শব্দও শোনা যায়।
