আমরা মানুষের স্বপ্নের পুলিশ হতে চাই :আইজিপি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ০০:৪০

পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী বলেছেন, আপনারা আমাদের সাহায্য করুন আমরা মানুষের স্বপ্নের পুলিশ হতে চাই। গতকাল বৃহস্পতিবার বিকালে গাজীপুর জেলার বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি পুলিশের ভালো কাজ জন সম্মুখে তুলে ধরার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেছেন, আমরা আপনাদের সহযোগিতা চাই, আমাদের ভালো কাজগুলো আপনারা তুলে ধরুন, জন সম্পৃক্ত যে কাজগুলো এগুলো আপনারা জনগণের কাছে পৌঁছে দিবেন। আপনারা সমাজের দর্পণ, আপনাদের মাধ্যমেই কিন্তু ভালো এবং মন্দ সমাজের কাছে প্রতিভাত হয়। আমাদের যদি সমালোচনা থাকে সেটাও করবেন, ভালো দিকগুলো যেমন তুলে ধরবেন, তেমনি যদি আমার কোনো সদস্য অন্যায় করে থাকে, তাকেও শোধরানোর জন্য সে বিষয়টি আমাদের গোচরে নিয়ে আসবেন যাতে আমরা চেষ্টা করতে পারি তাকে সুযোগ দেওয়ার। যদি সে না শোধরায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, সেটিও যাতে আমরা করতে পারি। আপনারা আমাদের সাহায্য করুন, আমরা সত্যিই মানুষের স্বপ্নের পুলিশ হতে চাই।

আইজিপি আরো বলেন, বাংলাদেশে যেভাবে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ২০৪১ সালে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, সে উন্নত বাংলাদেশের আমরাই হব উন্নত পুলিশ।

গাজীপুর পুলিশ লাইন্স আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার আনোয়ার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।