এইচ টি ইমামের বক্তব্য গ্রহণযোগ্য নয়

আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ০০:৪০

বিদেশি পর্যবেক্ষক নিয়ে এইচ টি ইমামের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ধরনের বক্তব্য প্রমাণ করে যে, তারা একটি ত্রুটিপূর্ণ নির্বাচন করার উদ্দেশ্য নিয়ে কাজ করছেন এবং কোনো পর্যবেক্ষক তারা রাখতে চাচ্ছেন না—এটা তারই একটা নিদর্শন। গত জাতীয় সংসদ নির্বাচনেও তারা পর্যবেক্ষকদের আসতে দেয়নি, সরকার তাদের ভিসা বন্ধ করে দিয়েছিল। তাদের মূল পরিকল্পনা তারা ভুয়া নির্বাচন করবে, কারচুপি করবে, ফলাফল তাদের পক্ষে নেবে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে ফখরুল এসব কথা বলেন। স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব সাংবাদিকদের এই মন্তব্য করেন। সিটি নির্বাচনে যাতে বিদেশি পর্যবেক্ষকরা মাতব্বরী করতে না পারে সেজন্য নির্বাচন কমিশনকে সতর্ক হতে বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। লন্ডন থেকে স্কাইপেতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু ছিলেন।