ক্ষমতাসীনরা বহিরাগতদের ঢাকায় জড়ো করে ত্রাস সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন সিটি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করুন। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন। অন্যদিকে ঢাকাবাসীকে ১ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংবিধান রক্ষার জন্য ঘর থেকে বেরিয়ে এসে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুন। সকল অন্যায় অবিচার ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। গতকাল বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার শুরু থেকেই ক্ষমতাসীন দলের প্রার্থীরা হাজারো আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়নি। পুলিশ কর্তৃক বিএনপি নেতাকর্মীদের বেআইনিভাবে গ্রেফতার এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উসকানিমূলক বক্তব্য নির্বাচনী পরিবেশকে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিকে নিয়ে গেছে।
মির্জা ফখরুল বলেন, এতে প্রমাণিত হয় তারা সিটি নির্বাচনকে নিজেদের নিয়ন্ত্রণে করতে চায়। যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। তারা সরকারের আদেশে কাজ করছে। অন্যদিকে পুলিশও একতরফাভাবে কাজ করছে। তারা প্রতিনিয়ত বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা ও তল্লাশি এবং গ্রেফতার করছে। সুতরাং বলব, আওয়ামী লীগ যদি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, নির্বাচন এককভাবে করতে চায়, তাহলে নির্বাচন নির্বাচন খেলার দরকার কি?
