জমে উঠেছে সাতক্ষীরা-৩ আসনে দুই হেভিওয়েট চিকিত্সক প্রার্থীর লড়াই

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:০৫

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা-৩ আসনে জমে উঠেছে দুই হেভিওয়েট চিকিত্সক প্রার্থীর লড়াই। এই আসনে দুই হেভিওয়েট প্রার্থী হলেন বিশিষ্ট শৈল্য চিকিত্সক সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. আফম রুহুল হক। তিনি মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আর বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট (হূদরোগ বিশেষজ্ঞ) ডা. মো. শহীদুল আলম। দু’জন চিকিত্সকের পাশাপাশি আরও একজন নির্বাচন করছেন তিনি হলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. ইসহাক আলী হাতপাখা। 

২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের পক্ষ থেকে সাতক্ষীরা-৩ আসনে এমপি নির্বাচিত হয়ে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ডা. আফম রুহুল হক। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে মহাজোটের হয়ে দ্বিতীয় মেয়াদে তিনি এমপি নির্বাচিত হন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থপেডিক্স বিভাগের চিকিত্সক ছিলেন। বর্তমানে রাজধানীর ট্রমা সেন্টারে রোগী দেখেন এছাড়া বিদেশে গিয়েও চিকিত্সা সেবা দেন। এছাড়া তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন।

অন্যদিকে ডা. মো. শহিদুল আলম বর্তমানে সাভারের এনাম মেডিক্যালের কার্ডিওলজিস্ট (হূদরোগ বিশেষজ্ঞ) হিসেবে দায়িত্ব পালন করছেন। সাতক্ষীরা জেলা বিএনপির কার্যকরি পরিষদের সদস্য পদে রয়েছেন। এবারই প্রথম বিএনপির হয়ে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, সাতক্ষীরার উন্নয়নের রূপকার আ.ফ.ম রুহুল হক। স্বাধীনতা পরবর্তী সাতক্ষীরায় যত না উন্নয়ন হয়েছে তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে রুহুল হকের আমলে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো জনগণ নৌকায় ভোট দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডা. শহীদুল আলম বলেন, তিনি এলাকায় প্রচার চালাতে পারছেন না। আওয়ামী লীগের লোকজন তার নেতা-কর্মীদের মারধর করছে। প্রতিদিন পুলিশ বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। তিনি এই হয়রানি বন্ধের আহ্বান জানান। তিনি আরো জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।