পটুয়াখালী-৪ আসন

আওয়ামী লীগ ধরে রাখতে আর বিএনপি চায় পুনরুদ্ধার

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:০৬

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে জমজমাট হয়ে উঠেছে প্রচার প্রচারণা। আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. মহিব্বুর রহমান নির্বাচনের তফসিল ঘোষণার অনেক আগ থেকেই তৃণমূল পর্যায়ে মাঠে নেমে গণসংযোগ চালাচ্ছেন। এ অবস্থায় তারা প্রচার প্রচারণায় কিছুটা এগিয়ে রয়েছেন। প্রতীক বরাদ্দের পর সকল প্রার্থী ও কর্মী-সমর্থকরা সভা-সমাবেশ ও মিছিল মিটিং করে বেড়াচ্ছেন। বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী এবিএম মোশাররফ হোসেনও সভা-সমাবেশ ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত আওয়াম লীগের মো. মহিব্বুর রহমান ও বিএনপির এবিএম মোশাররফ হোসেনের মধ্যেই। কারণ আওয়ামী লীগ চাচ্ছে আসনটি ধরে রাখতে আর বিএনপি পুনরুদ্ধারে ব্যস্ত।

এই আসনে ছয়জন প্রার্থী থাকলেও জাতীয় পার্টির প্রার্থী মো. আনোয়ার হোসেন আওয়ামী লীগের নৌকা প্রার্থীর সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত মহোজোট প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মহিব্বুর রহমান  (নৌকা), বিএনপি মনোনীত ঐক্যফ্রন্ট প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রার্থী মো. হাবিবুর রহমান (হাতপাখা), বাসদ মনোনীত বাম গণতান্ত্রিক জোট প্রার্থী জহিরুল আলম সবুজ (মই) এবং ইসলামী ঐক্যজোটের আবদুর রহমান (মিনার)।

এই আসনে ১৯৭৯, ৮৬ ও ৮৮ ও ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ছাড়া বাকি সবকটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করে। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর এখানে ব্যাপক উন্নয়নমূলক কাজ শুরু করে। এ কারণে আসনটি জেলায় গুরুত্বপূর্ণ। তবে লড়াই হবে নৌকা আর ধানের শীষের প্রার্থীর মধ্যে। এই আসনটি আওয়ামী লীগ চায় ধরে রাখতে আর বিএনপি মরিয়া পুনরুদ্ধারে।