বিএনপি ক্ষমতায় এলে পদ্মা সেতুর কাজ বন্ধ করে দেবে --------আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:০৬

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রীর পদমর্যাদায় থাকা আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে পদ্মা সেতুর নির্মাণ কাজ বন্ধ করে দেবে। তারা আগের মতো সন্ত্রাস ও দুর্নীতি শুরু করবে। এ কারণে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে হবে। তাই বিজয়ের মাসে আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

শনিবার দুপুরে গৌরনদী-আগৈলঝাড়ার জাতীয় পার্টির নেতা-কর্মী আয়োজিত আওয়ামী লীগকে সমর্থন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গৌরনদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় পার্টির গৌরনদী উপজেলা সভাপতি অ্যাডভোকেট ইউনুস আলীর সভাপতিত্বে সমর্থন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী এসএম রহমান পারভেজ, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান।