একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে চট্টগ্রামের সাবেক মেয়র এম মনজুর আলম এবার নির্বাচন করতে চান। গতকাল সোমবার তিনি ইত্তেফাককে বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আমার মনোনয়নপত্র জমা দিয়েছি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সদয় বিবেচনায় চট্টগ্রাম-১০ আসনে এবার নির্বাচন করার সুযোগ পাব বলে আমি আশাবাদী। তিনি বলেন, আওয়ামী লীগই আমার ধ্যান, আওয়ামী লীগই আমার স্বপ্ন। সবাই জানে আমি আওয়ামী লীগেরই মানুষ। এবার বাকি রইল আমার প্রতি দলের নেত্রীর সদয় বিবেচনা।
এম মনজুর ২০১০ সালে বিএনপির সমর্থন নিয়ে তিনবারের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে চট্টগ্রামের মেয়র নির্বাচিত হন। এরপর মনজুর আলমকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৫ সালে আবারও বিএনপির মনোনয়নে মেয়র পদে প্রার্থী হয়ে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন। এই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা আ.জ.ম নাছির উদ্দীন মেয়র নির্বাচিত হন।
