নবীগঞ্জে গ্রেফতারকৃত নেতাদের বাড়ি গিয়ে কাঁদলেন রেজা কিবরিয়া

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:০৮

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে তিন বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে দুই ট্রাক পুলিশ গিয়ে তাদেরকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন ড. রেজা কিবরিয়া। খবর পেয়ে গত শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের বাড়িতে ছুটে যান জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া। সেখানে তাদের স্বজনদের সঙ্গে নিজেও কান্নায় ভেঙে পড়েন তিনি। গ্রেফতারকৃতরা হচ্ছেন- আউশকান্দি ইউনিয়ন যুবদল নেতা রুহেল ও ইউপি মেম্বার আলম এবং করগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আল আমিন।

ড. রেজা কিবরিয়া বলেন, রাত ২টা থেকে আড়াইটার মধ্যে দুই ট্রাক ভর্তি পুলিশ এসে তাদেরকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গেছে। তাদের দোষ ছিল তারা আমার সঙ্গে দেখা করেছিল। আওয়ামী লীগ মনে করছে এগুলো করে জনপ্রিয়তা পাচ্ছে। কিন্তু তারা বুঝতে পারছে না তাদের জনপ্রিয়তা যে কত কমে গেছে। জনগণ যে তাদের ওপর কত ক্ষিপ্ত। তারা কয়েক দিনের মধ্যেই সেটি বুঝতে পারবে জনগণ তাদের ওপর কত ক্ষিপ্ত হয়ে উঠেছে। জনগণের রাগ কত তারা সেটি বুঝতে পারবে। সাধারণ মানুষ ও ভোটারদের যে তারা প্রচণ্ড ভয় পায় এ হিংস্রতা সেটিরই বহিঃপ্রকাশ। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, গ্রেফতারকৃতদের বাড়িতে গেলে আলম মেম্বারের মেয়েরা ড. রেজা কিবরিয়াকে ধরে কাঁদতে থাকে। রুহেলের দুই বছর বয়সী শিশু মেয়েও কান্না করছিল। তাদের কান্না দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি ড. রেজা কিবরিয়া। তিনিও কান্নায় ভেঙে পড়েন।