হবিগঞ্জে বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় নামলেন সিলেটের মেয়র আরিফ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:০৯

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বিএনপি দলীয় প্রার্থী সাবেক পৌর মেয়র জি কে গউছের পক্ষে প্রচারণায় নেমেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শুক্রবার বিকালে তিনি শহরের উমেদনগর ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সাথে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ যোগ দেন।

এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপির পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তা দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। মারাত্মক ভরাডুবির আশঙ্কায় তারা গায়েবি মামলায় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক হারে ধরপাকড় করছে। এখনও নির্বাচনের বিন্দুমাত্র সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়নি। তারপরও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ার বাঁধভাঙ্গা জোয়ার। তিনি বলেন, এখানে প্রার্থী কোনো বিষয় নয়। ধানের শীষের পক্ষে সবাই আজ একাট্টা হয়েছে।

তার সাথে গণসংযোগে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সোহেল ও ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, কৃষক দল কেন্দ্রীয় নেতা আব্দুস শুকুর, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী প্রমুখ। পরে মেয়র আরিফুল হক চৌধুরী স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। এর আগে বাদ জুমা তিনি নবীগঞ্জে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজা কিবরিয়ার পক্ষে গণসংযোগ করেন।