ঝালকাঠিতে ধানের শীষ প্রার্থীকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:০৯

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী জীবা আমিনা খান সংবাদ সম্মেলন করে তাকে গুলি করে হত্যা চেষ্টা, দলীয় নেতা কর্মীদের ওপর হামলা, গাড়ি ভাংচুর ঘটনার বিচার দাবি করেছেন। একই সঙ্গে তিনি নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে গ্রেফতার হওয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরসহ সকল নেতাকর্মীরও মুক্তি দাবি করেন।

গত শুক্রবার বিকেলে ঝালকাঠির কলেজ মোড় চেহেরা মঞ্জিলে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি উল্লেখ করেন, নলছিটিতে আমাকে হত্যার জন্য পিস্তল উচিয়ে গুলি করার চেষ্টা করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগে দিয়েও কোন প্রতিকার পাইনি।