সিলেট অফিস
সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধূরী বলেছেন, মুক্তিযুদ্ধের আদর্শ বুকে লালন করে দেশের উন্নয়ন অগ্রযাত্রার পক্ষে থাকতেই আমার আওয়ামী লীগে যোগ দেয়া। ব্যক্তিগত কোনো লাভের উদ্দেশ্যে নয়। অনেক চিন্তা ভাবনার পর যখন বুধবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে আওয়ামী লীগে যোগ দেয়ার বিষয়টি জানালাম তখন শেখ হাসিনা খুশি হয়ে গণভবনে ডেকে নিলেন। এত ব্যস্ততার মাঝেও তিনি আমাকে দেড় ঘণ্টার মতো সময় দিলেন এবং সিলেটসহ সারাদেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা বললেন। শুক্রবার বিকালে ধোপাদীঘির পাড়স্থ হাফিজ কমপ্লেক্সে পেশাজীবী নেতৃবৃন্দের সাথে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে মোমেনের মতবিনিময় সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
ইনাম চৌধূরী জানান, আওয়ামী লীগে যোগ দেওয়া তার জীবনের সঠিক সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। সংসদ নির্বাচনে দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে সিলেট-১ আসনসহ সারাদেশে নৌকা মার্কায় ভোট চান ইনাম চৌধূরী। সভায় আরো বক্তব্য রাখেন সিলেট-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ড. এ কে মোমেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সমপাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সমপাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সমপাদক অ্যাডভোকেট আব্দুল কুদ্দুছ, স্বাধীনতা চিকিত্সক পরিষদ সিলেটের সাধারণ সমপাদক ডা. এস এ আজিজ, কর আইনজীবী সমিতির সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা।
গত বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত্ করেন সাবেক রাষ্ট্রদূত ও বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধূরী। এসময় তিনি শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
