প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে চীন অবরুদ্ধ। দেশটিতে এই ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৫৯ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৯১ জন। আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।
তবে এর মধ্যে ভালো খবর হলো, এই ভাইরাসে আক্রান্ত কয়েকজন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তারই একটি ভিডিও ছেড়েছে চীনের সংবাদ সংস্থা সিসিটিভি প্লাস।
সেখানে দেখা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাচ্ছেন। তাকে বিদায় জানাচ্ছেন হাসপাতালে মাস্ক পরিহিত চিকিৎসক ও নার্সরা। দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেই ব্যক্তি। তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। তিনি হুয়াজং হাসপাতালে চিকিৎসা নেন।
হুয়াজং হাসপাতালের সংক্রামক রোগ বিভাগের প্রধান ডা. জিয়ানই বলেন, ‘এই রোগীর বয়স ৪১ বছর। তিনি চীনের ওহাই থেকে এসেছেন। করোনা ভাইরাসের কেন্দ্রস্থল উহানে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। সেখানে সি-ফুডের বাজারের সঙ্গে তার যোগাযোগ ছিল।’
তিনি আরও জানান, অ্যান্টিভাইরাল চিকিৎসার পরে ওই রোগীর শরীরের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
প্রতিবেদনে বলা হয়, হুয়াজং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উহান ইউনিয়ন হাসপাতালের ১৫ কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরে তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান।
ইত্তেফাক/জেডএইচ
