কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৩

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। শনিবার ভোরে পাখিউড়া সীমান্তে আন্তর্জাতিক পিলার ১০৩৯ এর সাব পিলার ৪ ও ৫ টি এর মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ওই কিশোরের নাম জামাল হোসেন (১৯)। সে নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ পাখিউড়া কালারচর গ্রামের লুৎফর রহমানের ছেলে। 

নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান এবং স্থানীয়রা জানান, গরু পাচারকারী জামাল হোসেন তার সহযোগীদের নিয়ে ওইদিন ভোরে পাখিউড়া সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যের মন্ত্রীরচর এলাকায় গরু আনতে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় বুকের বামপাশে গুলিবিদ্ধ হয় জামাল। গুরুতর আহত অবস্থায় সহযোগীরা তাকে এদেশের অভ্যন্তরে নিয়ে আসে। পরে পরিবারের লোকজন চিকিৎসার জন্য কুড়িগ্রাম নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এরপর দীর্ঘসময় তাদের কোনো খোঁজ পাওয়া না গেলেও শেষ বিকেলে তারা জামাল হোসেনের মরদেহ নিয়ে বাড়িতে আসেন।

আরও পড়ুন: ৪ লাখ টাকা সুদাসলে একবছরে ২০ লাখ টাকা!

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান,  নারায়ণপুর সীমান্তের পাখিউড়া বর্ডার আউট পোস্টের (বিওপি) অধীন সীমান্তে এক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। তবে টহলরত বিজিবি ওই এলাকায় এরকম কোনো কিছুর অস্তিত্ব পায়নি। 

অপরদিকে, বিকেল সাড়ে ৫টায় কচাকাটা থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদ গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এসি