‘সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!’
বাংলা
প্রথমপত্র
কাজী মনিরা তরফদার, সহকারী শিক্ষক (বাংলা)
ঝনকা বাজার উচ্চ বিদ্যালয়,
মুক্তাগাছা, ময়মনসিংহ
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,আশা করি ভালো আছো। কাল তোমাদের এসএসসি পরীক্ষা। আশাকরি তোমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। এ সময়টায় একটি রুটিন তৈরি করে নিবে। যাতে তুমি প্রতিটি বিষয়ের জন্য প্রয়োজন মতো সময় ব্যবহার করতে পারো । ইতোমধ্যেই তোমাদের সব পড়া হয়ে গেছে। এখন শুধু মন দিয়ে রিভিশন করবে। যা পড়ছো তা মুখস্থ নয়, বুঝে পড়বে তাহলেই ভালো ফল লাভ করতে পারবে। পরীক্ষার হলে শান্ত থাকবে। প্রশ্ন হাতে পেয়ে বিচলিত হবে না। প্রথমেই উদ্দীপক ভালোভাবে পড়ে নিবে। তারপর প্রশ্নগুলোর সাথে উদ্দীপক ও তোমার পাঠ্যবই এর কোন গদ্য বা পদ্য সংশ্লিষ্ট তা মিলিয়ে ধীর-স্থির চিত্তে লেখতে শুরু করবে। আমার প্রত্যাশা তুমি পরীক্ষা ভালো করবে। বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন ও উত্তর দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখে নাও।
উদ্দীপকটি পড়ো :
“জন্মিলে মরিতে হবে ,
অমর কে কোথা কবে,
চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?
কিন্তু যদি রাখ মনে,
নাহি, মা, ডরি শমনে;
মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত-হ্রদে” ।
(ক) শিশিরের জলে কোন ফুল ভিজে?
(খ) “সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!” বলতে কবি কী বুঝিয়েছেন?
(গ) উদ্দীপকের প্রথম তিন চরণে “সেইদিন এই মাঠ” কবিতার কোন চিত্রটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকের শেষাংশের সাথে “সেইদিন এই মাঠ” কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি বিশ্লেষণ করো।
উত্তর :
(ক) চালতা ফুল শিশিরের জলে ভিজে।
(খ) “সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!” বলতে কবি বুঝিয়েছেন, মানুষ মরণশীল কিন্তু এই পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য শাশ্বত, অবিনশ্বর, চির বহমান।
‘সেইদিন এই মাঠ’ কবিতায় কবি ভেবেছেন তিনি একসময় থাকবেন না, কিন্তু প্রকৃতি তার নিজ মহিমায় প্রাণবন্ত হয়ে থাকবে অনন্তকাল। প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের স্বপ্নের কোন ক্ষয় নেই। আর এই যে তার অবিরাম চলার গল্প তা বেঁচে থাকবে চিরকাল। মানুষের স্বপ্ন আর প্রকৃতির বহমানতা নিরন্তর ।
(গ) উদ্দীপকের প্রথম তিন চরণের সাথে ‘সেইদিন এই মাঠ’ কবিতার মানুষের মৃত্যুর অনিবার্যতার চিত্র ফুটে ওঠেছে ।
মানুষ মরণশীল কিন্তু তার স্বপ্ন জীবন্ত এবং প্রাকৃতিক সৌন্দর্য অবিনশ্বর। ভাঙা-গড়ার মাঝেই জীবন। এভাবেই আমাদের জীবনকে চালিয়ে নিতে হয়। জীবন থেমে থাকে না। এই পৃথিবী তার স্বাভাবিক নিয়মেই চলে। এই নিয়মের কোনো ব্যাত্যয় ঘটে না। “সেইদিন এই মাঠ” কবিতায় কবি তাঁর না থাকার দুঃখের কথা বলেছেন আবার তিনি তাঁর স্বপ্নের কথাও বলেছেন। স্বপ্ন বেঁচে থাকবে সে কথাও বলেছেন। বলেছেন প্রকৃতির অপার সৌন্দয্যের কথা। চালতাফুল, শিশির ভেজা জল, লক্ষ্মীপেঁচার গান, খেয়ানৌকো, বালুচর ইত্যাদি জীবনের নানা গল্প বেঁচে রবে শুধু কবি বেঁচে থাকবেন না ।
উদ্দীপকে কবি বলেছেন জন্মিলে মরণের স্বাদ অনিবার্য । এ ধরায় কেউই আজীবন বেঁচে থাকে না, থাকবে না । কিন্তু কবি নিজের কর্মগুণের ফলে পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকতে চেয়েছেন ।
(ঘ) উদ্দীপকের শেষাংশের সাথে “সেইদিন এই মাঠ” কবিতার সাদৃশ্যের দিকটি হলো, মানুষের জীবন,মৃত্যু ও তার স্বপ্নের অবিনশ্বরতা।
জন্মগ্রহণ করিলে মরিতে হবে নিশ্চিত। কেউ কখনো অমর থাকতে পারবে না। নদীর পানি যেমন স্থির নয় তেমনি স্থির নয় জীবনও। সত্ কর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে। বেঁচে থাকে তার কর্মের ফসল।
উদ্দীপকে বলা হয়েছে যে, এ পৃথিবী ছেড়ে কেউই যেতে চায় না । কিন্তু তবুও এ ধরার মায়া ত্যাগ করে যেতে হয়,যেতে হবে । কবি বলেছেন যদি তার কোনো ভালো কাজের জন্য মানুষ তাকে মনে রাখে তাতেই তিনি তৃপ্ত ।
কবি জীবনানন্দ দাশ তাই বলেছেন হয়তো আমি থাকবো না। কিন্তু আমার স্বপ্ন বেঁচে থাকবে। প্রকৃতি তার স্বাভাবিক নিয়মেই চলবে কেননা প্রকৃতি চিরসুন্দর , চির সত্য চিরবহমান। মরণশীল মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কিন্তু এই পৃথিবীর সৌন্দর্য্যের ও মানুষের স্বপ্নের কোনো মৃত্যু নেই। অথচ প্রকৃতি সদাই ব্যস্ত তার রূপ রস গন্ধ বর্ধনে। উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলোই আলোচ্য কবিতাটি সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে ওঠেছে।
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল প্রশ্নোত্তরে ভালো নম্বর পেতে হলে তোমাকে অবশ্যই জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতরদক্ষতার স্তরগুলোর দিকে নজর রেখেই লেখতে হবে । আর হাতের লেখায় যতোটা পারো কাটাকাটি বা হিজিবিজি করবে না । ভুল হলে একটানে কেটে দিবে । মনে রাখবে পরিষ্কার-পরিচ্ছন্ন খাতায় ভালো নম্বর পাবে । আর বহুনির্বাচনি প্রশ্নোত্তরের জন্য অবশ্যই সবগুলো গদ্য,পদ্য মনোযোগ সহকারে পড়তে হবে । কোনো গল্প,কবিতা বাদ দিয়ে পড়লে হবে না । মনে রাখবে বহুনির্বাচনি পুরো বই থেকেই হবে । তোমাদের সকলের জন্য শুভকামনা। সুস্থ দেহ মনে পরীক্ষায় অংশগ্রহণ করো এবং আশানুরূপ ফল করে মা-বাবার স্বপ্ন পূরণ করো । দেশের সম্পদে পরিণত হও । সবাই ভালো থেকো ।
