ছড়া

প্রেমিকা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৪

/ ব্রত রায়

তখন আমার বয়েস কেবল নয়

এই বয়সে প্রেম কি কারো হয়?

আমার হলো! ঘরের মানুষ বলে,

আমি নাকি ইঁচড়ে পাকার দলে!

 

ইচ্ছে করে সারাটি দিন ধরে

রাখতে তাকে বগলদাবা করে।

হয় না, কারণ, স্কুলের পড়া আছে

হয় না, কারণ, আম্মু বকে পাছে!

 

তার পিছে যায় আমার পকেটমানি

মাসজুড়ে তাই টাকার টানাটানি!

তাও মেনে নিই হাসিমুখেই আমি

আমার কাছে সবচেয়ে সে দামি।

 

যখন আমার ভীষণ একা লাগে

কিংবা জ্বলি ক্ষোভে এবং রাগে

কিংবা যখন চক্ষু ছল ছল

সে ছাড়া আর সহায় কে হয় বলো?

 

দেয় না আমার একটুও সে প্যারা

দেয় না ভেঙে শালীনতার বেড়া।

দেয় না খুলে অভিযোগের ঝাঁপি

কয় না আমায়, ‘নষ্ট’, ‘পচা’, ‘পাপী’!

 

তার কারণেই আমার জ্ঞানী ভাব

চশমা জোড়াও তার সুবাদেই লাভ!

সেই ঘটনার বছর কুড়ি পরে

সতীন নিয়ে এলাম আমি ঘরে!

 

নতুন বউয়ের সে আজ ‘চোখের বালি’

কথায় কথায় শোনায় তাকে গালি!

তার কাছে কি ঘেঁষতে আমায় দেবে?

কাঁদছি আমি তার কথাটা ভেবে।

 

শ্যাম রাখি? না রাখব আমি কুল?

ভালোবেসে করেছিলাম ভুল!

দুঃখ আমার কার কাছে আজ কই?

কার দলে যাই? বউয়ের? নাকি বই?