ভোটের ফল

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৪

/ অনন্য আমিনুল

 

খই ছিটালে কাক জড়ো হয় নির্বাচনে নেতারা,

সঙ্গে নিলে চিনতে পাবে আসলে যে, কে তারা।

 

প্রার্থী ভাবে এবার আমার কে ঠেকাবে জেতাকে

হাতের মুঠোয় রাখছি পুরে এত্তগুলো নেতাকে।

 

কর্মী-নেতা পাঠায় খবরপ্রার্থী খুশি জবর তাই

চারপাশে সব তারই খবর অন্য কারোর খবর নাই।

 

ভোটের আগে মোটের হিসেব পক্ষে-প্রতিপক্ষে তো

টের পায়নি নেতা; টাকাকর্মী নামের বক খেত।

 

এদিক থেকে একশ ভোটার ওদিক থেকে হাজারটা

পাক্কা লিডার জিতবে এবার চলছে তারই বাজারটা।

 

প্রার্থী-ভোটার বিষয় যেন দুইটি দেহে একাত্মা

এমন খুশির ধাক্কা রে ভাই দৃশ্য ছিল দেখার তা!

 

ভোটের দিনে ফলের বেলা ঘটল ব্যাপার উল্টা তার

পাক্কা লিডার পায় না খুঁজে কোথায় ছিল ভুলটা তার।

 

কর্মী-নেতা পকেট ভরে; চায়নি মাথা ঘামাতে

ব্যস্ত ছিল ভোট-সিজনে ভোটের টাকা কামাতে।