বিনোদন রিপোর্ট
মেলোডি গানে শ্রোতা-দর্শকদের কাছে দারুণ এক অবস্থান তৈরি করেছেন কণ্ঠশিল্পী রিজভী ওয়াহিদ। কলকাতার শুভমিতাসহ একাধিক গুণী শিল্পীর সঙ্গে দ্বৈত গানে এরই ভেতরে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছেন। গত কয়েকবছর ধরেই নিয়মিত গান প্রকাশ করছেন তিনি। একইসঙ্গে কোয়ালিটি মিউজিক ভিডিও উপহার দিয়েছেন একাধিক। আসছে ভ্যালেন্টাইনেও একাধিক গান নিয়ে হাজির হচ্ছেন। এ বছরও নিয়মিত কিছু গান উপহার দেবেন তিনি। কণ্ঠশিল্পী রিজভী ওয়াহিদ বলেন, ‘আসলে আমার ক্যারিয়ারে আনুপাতিক হারে সবচেয়ে কমসংখ্যক গান করেছি। আমি কোনোদিনই গানের কোয়ানটিটি নিয়ে চিন্তুা করিনি। কোয়ালিটির কথাই ভেবেছি। সেক্ষেত্রে যে কয়টা গানই করেছি, তার সবগুলোতেই বাড়তি যত্ন নিয়েই কাজ করার চেষ্টা করেছি। আগামীতে প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল চাচার সুরে দুটি গান ও কলকাতার আকাশের সুরে তৈরি গান নিয়ে হাজির হবো শ্রোতাদের সামনে। আশা করছি দর্শকদের ভালো লাগবে এই কাজগুলো।’
অস্ট্রেলিয়ায় নিজস্ব ব্যবসাসহ নিবাস হলেও গানের টানেই দেশে ফেরেন বারবার। রিজভীর কথায়, ‘বাঙালির মতো গান পাগল জাতি এই পৃথিবীতে নেই। বাংলা গান নিয়ে কিছু এক্সক্লুসিভ কাজ করতে চাই।’
