শাহিনবাগে সিএএ বিরোধী সমাবেশে ‘জয় শ্রীরাম’ বলে গুলি 

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৪

ভারতে নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে রাজধানী দিল্লির শাহিনবাগে চলমান বিক্ষোভে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। ‘জয় শ্রীরাম’ বলে শনিবার বিকালে এই গুলি চালানো হয় বলে অভিযোগ করা হয়। তবে এতে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। গুলি চালানোয় অভিযুক্তকে ধরেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শাহিনবাগে যেখানে একমাস ধরে বিক্ষোভ চলছে, সেখানে রাখা পুলিশ ব্যারিকেডের দিকে গুলি চালানো হয়। সে সময় ওই ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, ‘আমাদের দেশে শুধুমাত্র হিন্দুরাই সুবিধা পাবে’। 

এক প্রত্যক্ষদর্শী জানান, পুলিশের পরেই ডানদিকে দাঁড়িয়ে দু-তিনবার গুলি চালায় ওই ব্যক্তি। তখন সে ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দেয়।

তিনি বলেন, ‘আমরা হঠাৎ গুলির শব্দ শুনি। ওই ব্যক্তি জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল। তার কাছে একটি সেমি-অটোমেটিক পিস্তল ছিল। সে দুই রাউন্ড গুলি চালায়। ঠিক তার পিছনেই দাঁড়িয়ে ছিল পুলিশ।’

এ ঘটনার দুদিন আগেই জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে গুলি চালায় এক ব্যক্তি।

পুলিশ কর্মকর্তা চিন্ময় বিশাল বলেন, ‘শূন্যে গুলি চালায় ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে পুলিশ।’


ইত্তেফাক/জেডএইচ