শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় সাতক্ষীরার বুড়িগোয়ালিনী রেঞ্জ স্টেশন অফিস থেকে গোলপাতা আহরণকারী বাওয়ালিদের সুন্দরবনে প্রবেশের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে গোলপাতা মৌসুম শুরু হয়। চলতি বছর সাতক্ষীরা রেঞ্জের একটি কূপ থেকে আগামী ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত দুই মাসব্যাপী বাওয়ালিরা সুন্দরবনে নির্ধারিত এলাকায় গোলপাতা আহরণ করবেন। বন বিভাগের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান জানান, সাতক্ষীরা রেঞ্জে গোলপাতা আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৭ হাজার কুইন্টাল (১ লাখ ২৫ হাজার ৯৬০ মণ)। প্রতি কুইন্টালের জন্য ২৫ টাকা রাজস্ব ধরা হয়েছে। একটি নৌকায় সর্বোচ্চ ১৮৫ কুইন্টাল (৫০০ মণ) গোলপাতা বহন করা যাবে। অতিরিক্ত বহন করলে বাওয়ালিদের কুইন্টাল প্রতি অতিরিক্ত ৭৫ টাকা রাজস্ব আদায় করা হবে। সুন্দরবনের ৪১, ৪২, ৪৬, ৪৭, ৪৮, ৫০ (এ) এবং ৫০ (বি) কম্পার্টমেন্ট এলাকা থেকে গোলপাতা আহরণের স্পট নির্ধারিত হয়েছে। গোলপাতা ছাড়া বাওয়ালিরা সুন্দরবন থেকে অন্য কোনো কাঠ সংগ্রহ করতে পারবেন না। সুন্দরবনের বন্যপ্রাণীর হামলা থেকে রক্ষাসহ গোলপাতা আহরণের নিয়মাবলি সম্পর্কে বাওয়ালিদের পর্যাপ্ত ধারণা দেওয়া হয়েছে। বনদস্যুদের হাত থেকে বাওয়ালিদের নিরাপত্তা দিতে বন বিভাগের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে বলে তিনি জানান।
উপকূলীয় গাবুরা গ্রামের পেশাদার বাওয়ালি ফিরোজ ও কবিরসহ অনেকে জানান, বনদস্যুর ভয়ে তারা আতঙ্কিত। তার পরেও জীবিকার তাগিদে গোলপাতা আহরণের জন্য সুন্দরবনে যেতে হচ্ছে।

