বগুড়ায় কৃষককে কুপিয়ে হত্যা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৮

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলায় শুক্রবার রাতে ধান খেতে কাজ করার সময় রঞ্জু মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রঞ্জুর বাড়ি উপজেলার শৈলমারী গ্রামে। এ ঘটনায় পুলিশ নিহতের প্রতিবেশী সিএনজি অটোরিকশার চালক ফিরোজ আহম্মেদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জু মিয়া বাড়ির পাশে ৫০০ মিটার দূরে পাওয়ার টিলার দিয়ে বোরো ধানের জমি চাষ করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যান। রঞ্জু মিয়ার চিত্কারে স্বজনেরা গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ধুনট থানার পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার কারণ জানা যায়নি। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী ফিরোজ আহম্মেদকে আটক করা হয়েছে।