ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী ২৩তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার শেষ হয়। গত মঙ্গলবার ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়। বিদ্যালয় মাঠে ক্রীড়ায় ২৫টি ইভেন্টে ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বুধবার সংস্কৃতিতে ২৭টি ইভেন্টে ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। পৃথক দুই পর্বে মোট ৪২টি ইভেন্টে ২২০ জন প্রতিযোগীর মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের শনিবার পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক সদর ইউপি চেয়ারম্যান এবং বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য মো. গোলাম সরওয়ার জোমাদ্দার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন বাবুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর মো. হারুন অর রশিদ মুন্সি, বিদ্যালয়ের শিক্ষক মো. মনির হোসেন হাওলাদার, প্রবীর রঞ্জন হালদার মিন্টু, আবুয়াল হোসেন হাওলাদার প্রমুখ। পরে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
