সৈয়দপুর বিমানবন্দরে করোনা শনাক্তের ব্যবস্থা নেই, বুথ স্থাপন দাবি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৯

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

নভেল করোনা ভাইরাস শনাক্তের জন্য কোনো ব্যবস্থা নেই উত্তরের সৈয়দপুর বিমানবন্দরে। চীনে করোনা ভাইরাসটি ভয়াবহ আকার ধারণ করার পর সারাদেশে প্রবেশ দ্বারগুলোতে সরকারি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু শনিবার পর্যন্ত রংপুর বিভাগের একমাত্র ব্যস্ততম সৈয়দপুর বিমানবন্দরে স্থাপন করা হয়নি কোনো বুথ। অথচ ঐ বিমানবন্দর ব্যবহার করছেন দেশি-বিদেশি দেড় হাজারেরও বেশি যাত্রী। বিমানবন্দর সূত্র জানায়, সৈয়দপুর বিমানবন্দরে প্রতিদিন ১১টি উড়োজাহাজ ওঠানামা করে। এসবে পরিবহন হচ্ছে কমপক্ষে ১ হাজার ৫০০ জন যাত্রী। বিপুল সংখ্যক বিদেশি যাত্রীও ব্যবহার করে থাকেন সৈয়দপুরের আকাশ পথ। এ এলাকায় উত্তরা ইপিজেড, বড়পুকুরিয়া কয়লাখনি ও কয়েকটি স্থাপনায় চীনা নাগরিকরাও কাজ করেন।

স্বাধীনতা চিকিত্সক পরিষদের সভাপতি ডা. শেখ নজরুল ইসলাম জানান, সৈয়দপুর বিমানবন্দর অভ্যন্তরীণ যোগাযোগ মাধ্যম হলেও ঐ মাধ্যমে প্রচুর বিদেশি নাগরিক আসা-যাওয়া করেন। আশপাশের স্থলবন্দর থেকে আসা বিদেশি যাত্রীরা ব্যবহার করেন সৈয়দপুর বিমানবন্দর। সৈয়দপুর তথা এ অঞ্চল থেকেও প্রচুর শিক্ষার্থী চীনে লেখাপড়া করছেন। এখানকার ব্যবসায়ীরাও ব্যবসার কাজে চীনে যাতায়াত করেন। তাদের কেউ কেউ করোনা ভাইরাস বহন করছেন কি না, তা নির্ণয়ের সুযোগ নেই সৈয়দপুর বিমানবন্দরে। তিনি দ্রুত বিমানবন্দরে বুথ স্থাপনের দাবি জানান। এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুশান্ত দত্ত জানান, আমরা এখনো ওপরের নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে সেই মোতাবেক কাজ করা হবে।