গত ২১ জানুয়ারি ইত্তেফাকের ১৫ এর পাতায় ‘বেরোবি শিক্ষক সমিতির নেতৃত্বে সেই বিতর্কিত শিক্ষক’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের সেকশন অফিসার মো. আরিফুল ইসলাম এবং সংশ্লিষ্ট শিক্ষক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ‘প্রতিবেদনের শুরুতেই একজন সম্মানিত শিক্ষকের নিয়োগের বিষয়ে জালিয়াতি ও অনিয়মের যে কথা বলা হয়েছে তা অসত্য এবং মনগড়া। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে তাবিউর রহমান প্রধানের পক্ষে বিশ্ববিদ্যালয়ের কোষাগার থেকে ৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে সেটিও বানোয়াট।’
