নালিশ ছাড়া বিএনপির আর কোনো সম্বল নেই :কাদের

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:১৭

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারা দেশে আজ গণজোয়ার উঠেছে। নৌকার পক্ষে নারী, পুরুষ এবং তরুণদের গণজোয়ার দেখে বিএনপি নেতাকর্মীরা নৌকায় যোগ দিচ্ছেন। সারা বাংলায় ধানের শীষ এখন নৌকায় উঠেছে। তিনি আরো বলেন, জনগণের সাড়া না পেয়ে বিএনপি এখন প্রতিদিন নির্বাচন কমিশন এবং বিদেশিদের কাছে নালিশ করে বেড়াচ্ছে। নালিশ ছাড়া তাদের আর কোনো সম্বল নেই। বিএনপিকে কোথাও দেখি না। তারা ঘরে বসে বসে শুধু গণমাধ্যমের সঙ্গে কথা বলে, আর নালিশ করে। গতকাল শনিবার সকালে তার নির্বাচনী এলাকা কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের জনতা বাজারে এ খায়ের প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা সরকারের চলমান উন্নয়নের চিত্র তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার ৪৩ বছরের মধ্যে সবচেয়ে নারীবান্ধব সরকার। নারীদের উন্নয়নে শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার সরকারের আমলে নারীরা হাইকোর্টের বিচারপতি, সেনাবাহিনীর মেজর জেনারেল, পুলিশ সুপার, জেলা প্রশাসক ও সচিবও হয়েছেন। নারীরা আজ সম্মানিত হচ্ছেন। নারীদের উদ্দেশে তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকারের আমলে নারীরা বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, সন্তানের উপ-বৃত্তির টাকা মোবাইলের মাধ্যমে পাচ্ছেন। কে দিয়েছেন এই সম্মান? শেখ হাসিনা।

ওবায়দুল কাদের তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা মওদুদ আহমদের সমালোচনা করে বলেন, তিনি ৪০ বছর একটি বাড়ি দখল করে রেখেছিলেন। মৃত ব্যক্তির নামে ভুয়া কাগজপত্র আদালতে জমা দিয়ে বাড়িটি রক্ষা করতে চেয়েও পারেননি। তিনি মির্জা ফখরুলের মতো নালিশ করার পথ ধরেছেন। উনার দুঃখ, তিনি যেখানেই যান লোকজন হয় না। কারণ উনার কার্যকলাপ ভালো নয়। উনার ঝুলিতে কোনো উন্নয়ন নেই।

পরে ওবায়দুল কাদের চরমণ্ডলীয়া, ধানশালিক ইউনিয়ন পরিষদ চত্বর ও কোম্পানীগঞ্জের শাহজাদপুরে পথসভাগুলোতে বক্তব্য রাখেন। এদিকে ওবায়দুল কাদের জানিয়েছেন, আজ রবিবার তিনি দলের সাধারণ সম্পাদক হিসেবে নোয়াখালী-২ আসনের সেনবাগ উপজেলা সদরে বেলা ১১টায়, দুপুর ১২টা ও ১টায় নোয়াখালী-১ আসনের সোনাইমুড়ী ও চাটখিল সদরে প্রার্থীদের সমর্থনে সমাবেশে বক্তব্য রাখবেন।