পাখিউড়া সীমান্তে বিএসএফের
গুলি, নিহত এক
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা নাগেশ্বরী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত জামাল হোসেন (১৯) নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ পাখিউড়া কালারচর গ্রামের লুত্ফর রহমানের ছেলে। শনিবার ভোরে পাখিউড়া সীমান্তে আন্তর্জাতিক পিলার ১০৩৯ এর সাব পিলার ৪ ও ৫টি এর মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান জানান, গুলিবিদ্ধ জামালকে গুরুতর আহত অবস্থায় তার সহযোগীরা নিয়ে আসলে পরিবারের লোকজন চিকিত্সার জন্য কুড়িগ্রাম নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। শেষ বিকালে তারা মৃত জামাল হোসেনের মরদেহ নিয়ে বাড়িতে আসে। বিজিবি, কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, নারায়ণপুর সীমান্তের পাখিউড়া বর্ডার আউট পোস্টের (বিওপি) অধীন সীমান্তে এক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। তবে টহলরত বিজিবি ঐ এলাকায় এরকম কোনো কিছুর অস্তিত্ব পায়নি। কেউ মারা গেলেও আমরা তার বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। বিকাল সাড়ে ৫টায় কচাকাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হয়েছে শনিবার। বিদায় সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম ফিরোজ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। সভায় বক্তব্য রাখেন — মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. ছালাহউদ্দিন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. সুমন ফরাজী, অভিবাবক মো. জসিমউদ্দিন।
ডিমলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা ডিমলা প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার ডিমলা উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেন প্রেসক্লাব সভাপতি মাজহারুল ইসলাম লিটন। র্যালি শেষে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিমলা প্রেসক্লাব সভাপতি মাজহারুল ইসলাম লিটন।
এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা চৌদ্দগ্রামের চিওড়া আনন্দ সংঘের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে ধোড়করা কাদেরিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট হুমায়ন কবির পাটোয়ারী। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফি উল্লাহর সভাপতিত্ব করেন। আলোচনা শেষে ৭০ জন ছাত্রছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সৈয়দপুর সরকারি কারিগরি কলেজে বার্ষিক ক্রীড়া
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুরে অবস্থিত সরকারি কারিগরি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী হয়েছে শুক্রবার। কলেজ মাঠে অনুষ্ঠান উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির শিক্ষক ইসমত জেরিন মান্নান।
চাঁদপুরে বঙ্গবন্ধু প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে সদর, বঙ্গমাতায় কচুয়া চ্যাম্পিয়ন
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় বঙ্গবন্ধু প্রাথমিক গোল্ডকাপে চাঁদপুর সদর উপজেলার কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কচুয়া উপজেলার সানন্দাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উভয় দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
মাগুরায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
মাগুরা প্রতিনিধি মাগুরা কালেকটরেট ময়দানে শনিবার থেকে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২০ শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাগুরা জেলা প্রশাসক আশরাফুল আলম, পুলিশ সুপার খান মহম্মদ রেজোয়ান প্রমুখ।
স্বরূপকাঠিতে অটো শ্রমিক লীগের নির্বাচন
হালিম সভাপতি, লিয়াকত সম্পাদক
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে শুক্রবার অটো শ্রমিক লীগের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আবদুল হালিম সভাপতি ও মো. লিয়াকত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বিএম কলেজের প্রভাষক মো. সাইফুল ইসলাম প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা করেন।
তাড়াশে শহিদ মিনার উদ্বোধন
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা তাড়াশে শহিদ মিনার উদ্বোধন করা হয়েছে শনিবার। উপজেলা পরিষদ চত্বরে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আবদুল আজিজ ভাষার মাসের প্রথম দিনে এর উদ্বোধন করেন। তাড়াশ ইউএনও ইফ্ফাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হক প্রমুখ।
নবজাতকের মায়েদের মধ্যে ঘড়ি বিতরণ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে মুনা জেনারেল হাসপাতালের পক্ষ থেকে নবজাতকের মায়েদের মাঝে দেয়ালঘড়ি বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার মুনা জেনারেল হাসপাতালের অফিস কক্ষে এ ঘড়ি বিতরণ করা হয়। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুত্ফর রহমান প্রধান অতিথি হিসেবে মায়েদের হাতে এসব দেয়াল ঘড়ি তুলে দেন।
নাগরপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা নাগরপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় শনিবার। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম।
ব্রাহ্মণবাড়িয়ায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন শাখার উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ শয্যা বিশিষ্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বাইপাস এলাকায় শহরের পশ্চিম মেড্ডায় হাসপাতালটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার বজলুর রহমান। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া সদস্যদের অর্থায়নে এ হাসপাতালটি নির্মিত হয়।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশাল উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার চকরামপুর বাজারে এ সমাবেশে পুলিশ অ্যাপ ও ৯৯৯ জাতীয় সেবা নম্বর সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সমাবেশে রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বপনের সভাপতিত্ব করেন।
নবীনগর প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন
সভাপতি সবুজ, সম্পাদক মাহমুদ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার নির্বাচন-২০২০ শুক্রবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে রেজাউল করিম সবুজ, সাধারণ সম্পাদক পদে মো. মাহমুদ হাসান ও সাংগঠনিক সম্পাদক পদে মাহবুবুর রহমান নির্বাচিত হন। এ নির্বাচনে দুটি প্যানেলে ৫১টি পদে ১০২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সবুজ-মাহমুদ-মাহবুুর প্যানেল ৩১টি পদে ও কাউছার-মনির-বাবুল প্যানেলে ২০টি পদে জয়ী হয়। নবীনগর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন।
