প্রথম টেস্টের জন্য পাকিস্তান দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
বিলাল আসিফের ক্যারিয়ার পাঁচ টেস্টের। সর্বশেষ তিনি টেস্ট খেলেছেন ২০১৮ সালে। বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের দলে তাকে রেখেছেন মিসবাহ উল হক। গতকাল বাংলাদেশের পাকিস্তান সফরের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সেই দলে আসিফের সঙ্গে ডাক পেয়েছেন ফাহিম আশরাফও। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তিনি দলে ছিলেন না। আর লম্বা সময় পর টেস্ট দলে সুযোগ পেয়ে গেল সিরিজে একাদশে না থাকা ফাওয়াদ আলমকে স্কোয়াডে রাখা হয়েছে এবারও।
আসিফ ও আশরাফকে জায়গা দিতে দল থেকে জায়গা হারিয়েছেন কাশিফ ভাট্টি ও উসমান শিনওয়ারি। যদিও কোচ ও নির্বাচক মিসবাহ উল হক জানালেন টেস্টের পরিকল্পনায় ভালোভাবেই আছেন এই দুই জন। তিনি বলেন, ‘এই দুই জন খেলোয়াড়ের সামর্থ্য নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই। তারা এবার দলে জায়গা হারিয়েছেন। এটা তাদের জন্য হতাশাজনক। তবে, তারা আমাদের পরিকল্পনার অংশ। চলতি বছরেই আবারও তারা লাল বলের ক্রিকেটে সুযোগ পাবেন।’
মূলত বাংলাদেশের মিডল অর্ডারে বাঁ-হাতি ব্যাটসম্যান খেলানোর প্রবণতা থেকেই দলে রাখা হয়েছে বিলাল আসিফকে। কারণ তিনি অফ স্পিনার। ব্যাখ্যা দিয়ে মিসবাহ উল হক বলেন, ‘ভাট্টির জায়গায় বিলালকে নেওয়া হয়েছে, কারণ বাংলাদেশের মিডল অর্ডারে বেশ কয়েকজন বাঁ-হাতি ব্যাটসম্যান আছেন।’
আসিফ সর্বশেষ কায়েদ ই আজম ট্রফিতে ৯ ম্যাচ খেলে নিয়েছেন ৪৩টি উইকেট। ২০১৮ সালে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে যে টেস্ট খেলেছিলেন আবুধাবিতে তাতেও নিয়েছিলেন পাঁচ উইকেট। এর আগে অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাইয়ে নিয়েছিলেন ছয় উইকেট। তবে, ঘাটতি ছিল ধারাবাহিকতায়। পাঁচ টেস্ট খেলে পেয়েছেন মাত্র ১৬ উইকেট। এবার ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স আবারও দলে ফেরাল তাকে।
আশরাফের ফেরার কারণও ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স। পেস বোলিং এ অলরাউন্ডার কায়েদ ই আজম ট্রফিতে তিন ম্যাচ খেলে ৫৯ গড়ে করেছেন ১১৮ রান, আর বোলিংয়ে পেয়েছেন আট উইকেট।
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টটি খেলতে বাংলাদেশ দল পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে আগামী মঙ্গলবার। সাত ফেব্রুয়ারি, শুক্রবার শুরু হবে ম্যাচটি। তৃতীয় দফায় বাংলাদেশ দল পাকিস্তানে যাবে আগামী এপ্রিলে। সেবার তিন এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র ওয়ানডে। এরপর পাঁচ এপ্রিল থেকে করাচিতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে গেল জানুয়ারিতে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বৃষ্টিতে ভেসে যায় তৃতীয় টি-টোয়েন্টি।
পাকিস্তান টেস্ট স্কোয়াড : আজহার আলি (অধিনায়ক), আবিদ আলি, ইমাম-উল-হক, শান মাসুদ, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি, বিলাল আসিফ, নাসিম শাহ, ফাহিম আশরাফ।
