জল্পনা আর বাস্তবে রূপ পেল না। গ্যারেথ বেলকে চলতি দলবদলের সময়সীমার মধ্যে দলে ভেড়াতে টটেনহ্যাম হটস্পার চেষ্টা চালালেও সেটা সফল হয়নি। ইউরোপের মধ্যবর্তী দলবদলের শেষদিনে গত শুক্রবারও ব্রিটিশ গণমাধ্যম এ সম্ভাবনার কথা বলেছিল। কিন্তু বেল তো আসেননি, এমনকি এবারের দলবদলও ছিল নিরুত্তাপ। ২০১০ সালের পর এটাই সবচেয়ে নিরুত্তাপ দলবদল বলে জানিয়েছে বিবিসি। কারো কারো মতে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার ঘটনাও দলবদলে কম অর্থ ব্যয়ের পেছনে কাজ করে থাকতে পারে। দলবদল ও ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সময়সীমা একই ছিল। বেল এর ঘটনা অবশ্য ভিন্ন। শেষদিকে তার এজেন্টের পাশাপাশি কোচ জিনেদিন জিদানও জানিয়ে দেন যে এমনটি ঘটছে না। যদিও ইনজুরির কারণে বেলকে গতরাতের মাদ্রিদ ডার্বিতেও পাওয়া যায়নি।
