স্পোর্টস রিপোর্টার
টানা চতুর্থ বার আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। দলের ম্যানেজার জাভেদ ওমর বেলিম গতকাল জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে অস্ট্রেলিয়াগামী বিমানে চড়বে সালমা খাতুনের দল। ঢাকা থেকে ব্রিসবেন গিয়ে ৩ ফেব্রুয়ারি পৌঁছাবে বাংলাদেশ নারী দল।
ব্রিসবেন থেকে ঐ দিনই গোল্ড কোস্টে চলে যাবেন সালমা-রুমানারা। গোল্ড কোস্টে প্রায় দুই সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ দল। ক্যাম্পে তিনটি প্রস্তুতি ম্যাচও খেলবে সালমা বাহিনী। স্থানীয় দলগুলোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ১০ ও ১২ ফেব্রুয়ারি। এরপর আইসিসির নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচে ১৬ ফেব্রুয়ারি থাইল্যান্ড ও ২০ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আগের দুই আসরে কোনো ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ। তাই বার বার বাছাই পর্ব খেলেই বিশ্বকাপের টিকিট পেতে হয়েছে সালমাদের। এবার অবশ্য ২-১টি ম্যাচ জয়ের টার্গেট করছেন নারী ক্রিকেটাররা। বাছাই পর্বে খেলার ধাক্কা এড়াতে চায় টাইগ্রেসরা।
বিশ্বকাপের মূল লড়াইয়ে ২৪ ফেব্রুয়ারি পার্থে ভারত, ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিউজিল্যান্ড ও ২ মার্চ মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
