স্পোর্টস ডেস্ক
ভারতে ২০১৮ সালে বসার কথা ছিল এশিয়া কাপের আসর। কিন্তু পাকিস্তান নিজেদের রাজনৈতিক মতবিভেদের কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয়, বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) আয়োজনে এশিয়া কাপ হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। এবার ভারতের দেখানো রাস্তায় হাঁটতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)।
চলতি বছর সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ টি-টোয়েন্টির আসর। পিসিবির এই আসর আয়োজনে কোনো আপত্তি নেই ভারতের। তবে, পাকিস্তানে দল পাঠাতে নারাজ বিসিসিআই। এই অবস্থায় এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে সরে আসতে পারে বলে শীর্ষস্থানীয় কয়েকটি ভারতীয় গণমাধ্যম জনিয়েছে।
দ্য মিরর পত্রিকায় এই ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্মকর্তা বলেন, ‘এশিয়া কাপের ব্যাপারে সুরাহা হয়ে গেছে। টুর্নামেন্টটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।’ আর সেই নিরপেক্ষ ভেন্যুটি হলো আরব আমিরাত।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার জের ধরে পাকিস্তানে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকলেও, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকদফায় দেশটিতে গিয়ে ক্রিকেট খেলে এসেছে শ্রীলঙ্কা দল। দুদিন আগেই দেশটি থেকে টি-২০ সিরিজ খেলে ফিরেছে বাংলাদেশ দল। আরো দুবার পাকিস্তানে গিয়ে দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলার সূচিও চূড়ান্ত হয়ে গেছে। পারিপার্শ্বিক পরিস্থিতি বলে, আফগানিস্তানও হয়তো পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি করবে না। তবে, বিসিসিআই ভারতীয় দলকে পাঠাতে রাজি না হওয়ায় এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে আসার সম্ভাবনাই বেশি।
গুঞ্জন ছিল, এশিয়া কাপের আয়োজক হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি — এই শর্তেই নাকি তিন দফায় বাংলাদেশ দলকে পাকিস্তান সফরের জন্য রাজি করেছে পিসিবি। তবে, সেই সম্ভাবনার কথা এখন আর শোনা যাচ্ছে না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দিন তিনেক আগে নিজেই এই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন।
