মার্কিন সরকার আংশিক অচল হয়ে পড়েছে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন এবং বিরোধীদের মধ্যকার দ্বন্দ্বে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সরকার অচল হওয়ায় ৮ লাখ কর্মকর্তা-কর্মচারীর বেতন ভাতা বন্ধের হুমকির মুখে পড়েছে। তবে কংগ্রেস ঐকমত্যে পৌছাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সূত্র জানিয়েছে। খবর বিবিসি ও সিএনএনের
চলতি বছরে তৃতীয়বারের মতো শাট ডাউনের মুখে পড়লো মার্কিন সরকার। এক বছরে তিনবার সরকার অচল হওয়ার ঘটনা গত ৪০ বছরের মধ্যে এই প্রথম। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানের জন্য ৫শ’ কোটি ডলারের দাবি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের। কিন্তু তার মতের সঙ্গে একমত প্রকাশ করেনি সিনেট। বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি মেনে বিলটি পাস হয়। কিন্তু শুক্রবার সিনেটে বিলটি পাস হয়নি। সেখান থেকেই দ্বন্দ্ব এবং সরকারি কাজকর্ম বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইতোমধ্যে মার্কিন কংগ্রেসের দুই কক্ষ প্রতিনিধি পরিষদ এবং সিনেটের অধিবেশন মূলতবি হয়ে যায়।
সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। সিনেটের রিপাবলিকান নেতা জন কার্নিন জানিয়েছেন, সিনেটে কোনো ভোটাভুটি হবে না। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবহন, কৃষি ও বিচার বিভাগের কাজকর্মও বন্ধ থাকবে। এই দ্বন্দ্বে বিপদের মুখে পড়েছে ৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী। তাদের হয় বেতন না নিয়ে মাসের পর মাস কাজ করতে হবে। না হলে চাকরি খোয়াতে হবে। এই অবস্থা অব্যাহত থাকলে বড়দিনের আগেই ছুটিতে যেতে পারেন তিন লাখ ৮০ হাজার কর্মী এবং পারিশ্রমিক ছাড়া কাজ করতে হবে চার লাখ কর্মীকে। শুক্রবার অধিবেশন মূলতবির পর ক্যাপিটল হিলে আসেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, বাজেট পরিচালক মিক মুলভ্যানি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জারেদ কুশনার। তারা সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করেন এবং সমঝোতার চেষ্টা চালান বলে একটি সূত্র জানিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প আগেই জানিয়েছিলেন, অনুপ্রবেশ প্রতিরোধে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মানের জন্য ৫শ’ কোটি ডলার বরাদ্দ না দিলে বাজেট সংক্রান্ত কোনো আইনে স্বাক্ষর করবেন না তিনি। পাশাপাশি ডেমোক্র্যাটরা জানিয়েছিলেন, তারা ১৩০ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ করাকে সমর্থন করবেন না।
