রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে ------------------- ফখরুল

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২২:১৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। নির্বাচন কমিশন একটি ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে। নির্বাচনে সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে বিরোধীদলের বিরুদ্ধে। দেশের মানুষ পরিবর্তন চায়। স্বৈরাচার সরকারের দুঃশাসন থেকে মুক্তি চায়। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে এই সরকারকে উত্খাতের মাধ্যমে পরিবর্তন ঘটাতে হবে। সে জন্য ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।গতকাল শনিবার দিনাজপুরের পার্বতীপুর ও চিরিরবন্দরে পৃথক নির্বাচনী পথসভায় তিনি এ আহবান জানান। ফখরুল প্রশাসনের উদ্দেশে বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী। তাই দলমতের ঊর্ধ্বে থেকে জনস্বার্থে কাজ করুন।  তিনি বলেন, মানুষের অধিকার ও গণতন্ত্রের কথা বলায় বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছে। নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করার আহবান জানিয়ে তিনি বলেন, মানুষ এখন পরিবর্তন চায়, অধিকার চায়, চাকরি চায়, নিরাপত্তা চায়, কৃষকরা তাদের উত্পাদিত ফসলের ন্যায্য মূল্য চায় এবং শান্তিতে বসবাস করতে চায়। সরকার কৃষক, শ্রমিক, চাকরিজীবীসহ প্রতিটি নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

মির্জা ফখরুল বলেন, পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ সবকিছু পক্ষে থাকা সত্ত্বেও সরকার নিরপেক্ষ নির্বাচন করতে সাহস পাচ্ছে না। এখন নির্বাচন কমিশনকে লাগিয়ে দিয়েছে। বিচার বিভাগকে কাজে লাগিয়ে অনেকেরই প্রার্থিতা বাতিল করেছে। ক্রসফায়ারের নামে মানুষ হত্যার সমালোচনা করে ফখরুল বলেন, গত ১০ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা রাতে ঘুমাতে পারে না। গুম, হত্যা, ক্রসফায়ার ও কারাগারে নিক্ষেপ করা হচ্ছে তাদেরকে। অনেক মায়ের কোল খালি করা হচ্ছে। গুম-খুনসহ সকল কিছু রুখতে ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট নির্বাচন করছে। 

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, গতকাল সৈয়দপুরে এক জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ টিকে থাকার জন্য সর্বশক্তি দিয়ে শেষ চেষ্টা করছে, কিন্তু পারছে না। যে কোনো মুহূর্তেই উধাও হতে পারে আওয়ামী লীগ। তিনি বলেন, ভোটের দিন  ভোট দিয়ে কেন্দ্র পাহাড়া দিতে হবে। যাতে আপনাদের আমানত সুরক্ষিত থাকে। অনুষ্ঠানে বিএনপির বিদ্রোহী একটি গ্রুপের সদস্যরা ফুল দিয়ে দলে ফিরে আসেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান,  ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইলে এক পথসভায় ফখরুল বলেন, গত ২১ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ের এক হিন্দু বাড়িতে আগুন লেগেছে শর্ট সার্কিটের ফলে যা পত্রিকায় দেখেছি। কিন্তু এসে শুনছি ওই ঘটনায় আমাদের নেতাকর্মীদের নামে মামলা করা হয়েছে। প্রশাসনকে বলি আপনার এই আগুনের সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় নিয়ে আসুন।

‘দেখিয়ে দিন আপনারাই বাংলাদেশ’— ভিডিওবার্তায় ফখরুল

তরুণ ভোটারদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনার বিবেচনায় যাকে ইচ্ছা, তাকেই ভোট দিন। আমি সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। কিন্তু ভোট আপনারা অবশ্যই দেবেন। ৩০ ডিসেম্বর সকাল-সকাল ভোট দিন। দেখিয়ে দিন আপনারা শুধু ভোট দিতেই জানেন না, ভোট ডাকাতিও আটকাতে পারেন। গণতন্ত্রটা বাঁচাতে হবে। দেখিয়ে দিন যে, আপনারাই বাংলাদেশ।’ একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় তরুণদের উদ্দেশে তিনি এই আহ্বান জানান। সাড়ে তিন মিনিটের ভিডিওটি প্রচার করা হচ্ছে ‘ধানের শীষে ভোট দিন’ শিরোনামে বিএনপির নির্বাচনি প্রচার সেল থেকে। শুক্রবার রাত ১২টার পর থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু করা হয়।

ভিডিওবার্তায় জ্যেষ্ঠ ভোটারদের উদ্দেশে ফখরুল বলেন, ‘একটা আলো আমরা খুঁজে পেয়েছিলাম আমাদের যৌবনে। যেটা আমরা আপনাদেরকে দিতে চাই। এই আলো শুধু আপনাদের সন্তানদের কাছে পৌঁছে দেবেন, তাহলেই হবে। আলোটাকে নিভতে দেবেন না।’