বিশেষ প্রতিনিধি
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর এনামুল হক আবুলের সমর্থকদের সঙ্গে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগের কাউন্সিলর এনামুল হক আবুলের সমর্থকরা মিছিল বের করলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। তখন আবুলের সমর্থকরা গলির ভেতরে প্রবেশ করে সংগঠিত হলে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ ইটপাটকেল ছুঁড়লেও কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সন্ধ্যা সোয়া ৬টার দিকে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপারে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুবকর সিদ্দিক বলেন, পল্টন আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের সামনে থেকে আওয়ামী লীগের একটি মিছিল বের হয়। অপর দিকে বিএনপির অফিসের সামনে লোকজন জড়ো হয়েছিল। তার পাশ দিয়ে আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিল। এ সময় উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো আহত বা কাউকে আটক করা হয়নি বলে তিনি জানান।
