জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, নগরীর ভোটাররা এই সিটি নির্বাচনকে আস্থায় নিতে পারছেন না। তাই তারা ভোট দিতে ভোটকেন্দ্রে আসছে না। গতকাল শনিবার সকালে তিনি রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।
ড. কামাল বলেন, ‘জনগণ ইভিএমের ওপর কোনো আস্থা রাখতে পারছে না। তারা ভাবছে, এই পদ্ধতিতে ভোট দিয়ে কোনো লাভ হবে না। ভোটারদের উপস্থিতি দেখে আমি মোটেও সন্তুষ্ট নই। সাড়ে ১০টার মধ্যে মাত্র ১০০টিরও কম ভোট পড়েছে।’
ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে নানা অভিযোগ আসছে, তাদেরকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। এরকম অভিযোগ আমার কাছেও আসছে। তিনি বলেন, আমার হাতের আঙুলের ছাপ মিলতে যদি ১০ মিনিট লাগে ও সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে যদি ৩০ মিনিট সময় লাগে তাহলে সাধারণ জনগণের কত সময় লাগবে?
ড. কামাল হোসেন বলেন, আড়াই ঘণ্টার মধ্যে ভোট পড়েছে ১০০টিরও কম। ভোটার সকালে আসতে পারলেও ১০টার পরে আসার কথা কিন্তু আসছে না। এতেই পরিষ্কার হয় যে, সাধারণ জনগণ কতটুকু আস্থা রেখেছে। ভোটের পরিবেশ দেখে আমি আশাবাদী না।
