কুমিল্লার লালমাই সরকারি কলেজের (উচ্চমাধ্যমিক ও স্নাতক) অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দিয়েছে বাড়িভাড়াসহ নানা দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের একটি পক্ষ। তারা কলেজের শিক্ষা ও একাডেমিকসহ সার্বিক কার্যক্রম বন্ধ করে অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তার অব্যাহতি দাবি করে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করছে। এদিকে এ আন্দোলনের যৌক্তিকতা নিয়ে অধ্যক্ষ অনুসারী শিক্ষকরা কথা বলতে গেলে আন্দোলনকারী শিক্ষকরা মামুনুর রশিদ নামে এক শিক্ষকের ওপর হামলা চালায় এবং তাকে মারধর করে গুরুতর আহত করেন। শিক্ষকদের দুইপক্ষে এমন অপ্রীতিকর ঘটনায় শিক্ষার্থীসহ কলেজ ক্যাম্পাস ও স্থানীয় এলাকার লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
সরেজমিন গিয়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, লালমাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন আক্তারের বিরুদ্ধে বাড়িভাড়া না দেওয়াসহ নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে গত কয়েকদিন ধরে তার অব্যাহতি দাবি করে আসছিল শিক্ষক-কর্মচারীরা। এ নিয়ে ঐ কলেজের শিক্ষক-কর্মচারীরা অধ্যক্ষ এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদকের দুইপক্ষে বিভক্ত হয়ে পড়ে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে ‘শিক্ষক পরিষদ ও কর্মচারীবৃন্দ’ ব্যানারে অধ্যক্ষের অব্যাহতি দাবি করে সাধারণ সম্পাদকের পক্ষের শিক্ষকরা কলেজের শ্রেণিকক্ষ, একাডেমিক ভবন ও অধ্যক্ষের কার্যালয়সহ প্রধান ফটকে তালা লাগিয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করে।
