ইলেকশন মনিটরিং ফোরাম পর্যবেক্ষণ

সিটির ভোট সুষ্ঠু হয়েছে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৩

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করে ইলেকশন মনিটরিং ফোরাম জানিয়েছে, সার্বিকভাবে সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ের অর্ধশতাধিক বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত এ নির্বাচন পর্যবেক্ষক ফোরামের মতে, মেয়র পদে নির্বাচন নিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে দুই-একটি জায়গায় মারামারির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাজধানীর সিটি কলেজের ভোটকেন্দ্র পর্যবেক্ষণ শেষে সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক মাওলানা মো. আবেদ আলী এ পর্যবেক্ষণ তুলে ধরেন।

তিনি বলেন, সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইভিএমে প্রথমবারের মতো ভোট দিতে পেরে ভোটাররা উল্লসিত। সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে ফোরামের পাঁচ শতাধিক সদস্য নির্বাচন পর্যবেক্ষণ করেছেন জানিয়ে তিনি বলেন, আমরা ৩৭০টি কেন্দ্রের সংবাদ পেয়েছি। নিজেরা ১২ কেন্দ্রে সরাসরি গিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করেছি। দুই-একটা জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঐসব অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বর্তমান কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীরা জড়িত বলে সংবাদ পাওয়া গেছে। মোহাম্মদপুরের একটি কেন্দ্রের বাইরে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলা প্রসঙ্গে মো. আবেদ আলী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নির্বাচন কমিশনের উচিত ঘটনাটি তদন্ত করে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া। এ সময় ফোরামের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।