নড়াইলে লাখো ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। ঢাকা থেকে শনিবার দুপুর আড়াইটায় বিশেষ ভাবে সজ্জিত একটি নৌকায় চড়ে মধুমতি নদী পার হয়ে কালনা ফেরি ঘাট দিয়ে তাঁর নির্বাচনী এলাকা নড়াইলের কালনায় এসে পৌঁছান তিনি। এ সময় স্ত্রী সুমনা হক সুমি ও দুই সন্তানসহ পরিবারের সদস্যরা সঙ্গে ছিলেন। নড়াইল-২ আসনের নৌকার প্রাথী হিসেবে এদিনই প্রথম নড়াইলে আসলেন তিনি। তাই ভক্ত-সমর্থকদের মাঝে ছিল ব্যাপক উত্সাহ উদ্দীপনা আর আগ্রহ। পরে কালনা ঘাট এলাকায় আয়োজিত পথসভায় উপস্থিত হয়ে জাতীয় সংসদ নির্বাচনে নিজের জন্য ভোট চান তিনি। এসময় সকলকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহবান জানান।
এর আগে দুপুর আড়াইটার দিকে নড়াইলের কালনা ঘাটে পৌঁছান তিনি। নড়াইল-২ আসনের নৌকার মাঝি মাশরাফিকে বরন করতে নড়াইলের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগে থেকে ভিড় জমান। এসময় কালনা ঘাটে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। মাশরাফি কালনা ঘাটে পৌঁছালে দলীয় নেতাকর্মীসহ ভক্তরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় নেতা কর্মীরা নৌকার শ্লোগান দিতে থাকেন। পরে কালনা থেকে সড়ক পথে নড়াইলে পৌঁছাতে লোহাগড়ার কুন্দসীর মোড়, এড়েন্দা বাসস্ট্যান্ড, চৌগাছা বাসস্ট্যান্ড, নাকসী-মাদ্রাসা বাজার বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্য রাখেন তিনি। নড়াইলে পৌছে শহরের পুরাতন বাস টার্নিমালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুষ্পমাল্য অর্পন করে বঙ্গবন্ধু চত্বরে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় বক্তব্য প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন মাশরাফি।
এতদিন মাশরাফি নিজে ভোটের মাঠে না থাকলেও ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও তাঁর ভক্ত সমর্থকরা ভোটের মাঠে নেমে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে তার পক্ষে গনসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন। এখন থেকে নিজেই নির্বাচনী প্রচারণা চালাবেন তিনি। নড়াইল সদর আসন (নড়াইল-২) নড়াইল পৌরসভা, সদর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং লোহাগড়া পৌরসভা ও লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। লোহাগড়া উপজেলার ভোটার সংখ্য ১ লাখ ৭৯ হাজার ৩৪৭জন আর নড়াইল সদর উপজেলার ভোটার সংখ্য ১ লাখ ৩৮ হাজার ৪৩৫জন।
