প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চীনে শনিবার পর্যন্ত সেরে উঠেছে ৩২৮জন। চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ রবিবার এ তথ্য জানিয়েছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হুবেই প্রদেশে শুধু শনিবারই হাসপাতাল থেকে ৮৫ জন সুস্থ হয়ে ছাড়া পায়। তবে প্রতিবেদনে এর বিস্তারিত আর কিছু বলা হয়নি।
এই ভাইরাসে দেশটিতে ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতি এই ভাইরাসে চীনে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৮০ জন। পাশাপাশি এই ভাইরাস ইতিমধ্যে ২৩ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।
এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের দ্রুত বিস্তার নিয়ন্ত্রণে বিশ্বের কয়েকটি দেশ চীন থেকে আগতদের ঠেকাতে সীমানা বন্ধ করে দিয়েছে। সেইসঙ্গে ইতিমধ্যে চীনে ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিভিন্ন দেশ। এতে কার্যত পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।
ইত্তেফাক/এসআর
