ইত্তেফাক ডেস্ক
নরসিংদীতে ধানের শীষের কর্মী-সমর্থকদের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে এক শিশুসহ ৩৫ জন আহত হয়েছে। মুক্তাগাছায় নৌকার মিছিলে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। নোয়াখালীর সুবর্ণচরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। ঝিনাইগাতী, গোপালপুর, নাগরপুর, সেনবাগ, আটোয়ারী, কলাপাড়া ও মেলান্দহে নৌকার নির্বাচনী অফিসে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। চাটমোহরে ধানের শীষের অফিস ভাংচুর করা হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
নরসিংদী ঃ শিবপুর ও বেলাবতে ধানের শীষের কর্মী-সমর্থকদের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। পৃথক দুটি ঘটনায় ধানের শীষের নির্বাচনী ক্যাম্প, গাড়ি ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে তৃতীয় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীসহ ৩৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) নির্বাচনী আসনে ধানের শীষের প্রার্থী সরদার শাখাওয়াত্ হোসেন বকুল শনিবার বেলাব উপজেলার বারৈচা এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ করছিলেন। বেলা ১১ টার দিকে লাঠিসোটা নিয়ে ২০/২৫ জনের এক দল যুবক তাদের উপর হামলা করে। লাঠিপেটার এক পর্যায়ে সরদার শাখাওয়াত্ হোসেন বকুল দৌঁড়ে বিজিবি ক্যাম্পে আশ্রয় নেন। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে আসলে ঐ যুবকরা সরে যায়। পরে বিজিবি সদস্যরা প্রার্থী বকুলকে তাদের গাড়িতে করে নিয়ে অনেক দূরে নিরাপদ স্থানে নামিয়ে দেন। এ ঘটনায় ধানের শীষের ৭ কর্মী-সমর্থক আহত হয়েছে। এ ব্যাপারে সরদার শাখাওয়াত্ হোসেন বকুল বলেন, ‘ আমাকে মেরে ফেলার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি।’অপর ঘটনাটি ঘটেছে নরসিংদী-৩ আসনে শিবপুর উপজেলার কলেজ গেটস্থ ধানের শীষের নির্বাচনী ক্যাম্পে। বিএনপি দলীয় প্রার্থী মন্জুর এলাহী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আমি দলীয় নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে প্রধান নির্বাচনী ক্যাম্পে অবস্থান করার সময় আগ্নেয়াস্ত্রসহ লাঠিসোটা হাতে ২৫/৩০ জন দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তারা আমাদের লক্ষ্য করে ৩২ রাউন্ড গুলি ছুঁড়ে। তাদের ছুঁড়া গুলিতে পথচারী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী মাহদিয়া গুলিবিদ্ধ হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলায় আমার গাড়ির ড্রাইভার শামীমসহ মোট ২৮ জন আহত হয়। তারা নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। হামলাকারীরা আমার নির্বাচনী ক্যাম্পের সামনে রাখা প্রচার কাজে ব্যবহূত ১০ গাড়ি ও কর্মী-সমর্থকদের ১৮টি মোটর সাইকেল ভাঙ্চুর করে।
মুক্তাগাছায় নৌকার মিছিলে পেট্রোল বোমা নিক্ষেপ
মুক্তাগাছা(ময়মনসিংহ )ঃ মুক্তাগাছায় নৌকার মিছিলে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় একটি মোটরসাইকেল আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় আনোয়ার হোসেন নামের একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে এই ঘটনা ঘটে। শহর আওয়ামী লীগের আহবায়ক আরব আলীর অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে ।
মুক্তাগাছা থানার ওসি আলী আহাম্মদ মোল্লা জানান, শহর আওয়ামী লীগের আহবায়ক আরব আলীর নেতৃত্বে নৌকার একটি মিছিল রাতে বের হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছলে আগে থেকে ওঁত্ পেতে থাকা ২০/২৫ জন দুর্বৃত্ত হামলা চালায়। পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।
সুবর্ণচরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ
নোয়াখালী ঃ নোয়াখালী-৪ আসনের সুবর্ণচর উপজেলার ছেউয়াখালী, ভূঁইয়ারহাট, কাঞ্চনবাজার, উত্তর কচ্ছপিয়া ও চরহাসানে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৭ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর দুটি নির্বাচনী কার্যালয় ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, জেলা যুবদলের সাবেক সভাপতি মাহবুব আলমগীর আলো, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু ও সুবর্ণচর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরনবীসহ ১৬ নেতাকর্মীকে আটক করেছে।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপি প্রার্থী মোঃ শাহজাহান রাতে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তিনি নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেলে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করে ছেউয়াখালী থেকে ভূঁইয়ার হাট বাজারে ঢোকার পথে আওয়ামী লীগের লোকজন লাঠিসোটা নিয়ে হামলা করে। তবে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী অভিযোগ করেন, বিএনপির সন্ত্রাসীরা বিনা উস্কানিতে ছেউয়াখালী ও ভূঁইয়ার হাটে তাদের প্রার্থীর দুটি নির্বাচনী কার্যালয়, ৫টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। চরজব্বার থানার ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে এবং এ ঘটনায় ১৬ জনকে আটক করে।
ঝিনাইগাতীতে নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
ঝিনাইগাতী (শেরপুর) ঃ ঝিনাইগাতীতে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার ক্যাম্প ও যুবলীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনার উল্যাহসহ দলীয় নেতাকর্মীরা জানান, গত বৃহস্পতিবার গনসংযোগ শেষে রাতে বাড়ি ফেরার সময় উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরণ দুধনই এলাকায় যুবলীগ নেতা জাকির হোসেনের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ধানশাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম ময়নাসহ দলীয় নেতাকর্মীরা জানান, শুক্রবার রাতে উপজেলার ধানশাইল ইউনিয়নের ছোটমালিঝিকান্দা এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার ক্যাম্পে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
গোপালপুরে নৌকার নির্বাচনী অফিসে হামলা ভাংচুর
গোপালপুর (টাঙ্গাইল)ঃ শনিবার ভোরে গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া ল্যাংড়া বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে হামলা, ভাংচুর, ককটেল বিস্ফোরন ও গুলির ঘটনা ঘটেছে। এতে ওয়ার্ড যুবলীগ সম্পাদক মিলন মিয়াসহ তিনজন আহত হন। ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে গোপালপুর থানায় মামলা করেছে নৌকার কর্মী-সমর্থকরা। আওয়ামীলীগ ও যুবলীগ নেতাকর্মীরা দুপুরে দোষীদের গ্রেফতার দাবিতে মিছিল সমাবেশ করেছে।
নাগরপুরে নৌকার নির্বাচনী প্রচারনা অফিস ভাংচুর
নাগরপুর (টাঙ্গাইল) ঃ নাগরপুরে আওয়ামী লীগের নৌকার নির্বাচনী প্রচারনা অফিস ভাংচুর ও মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার মামুদনগর ইউনিয়নের পূর্ব বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সেনবাগে নৌকার নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ
সেনবাগ (নোয়াখালী) ঃ নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলমের একটি নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তরা ১৪/১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এ সময় তারা কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করেছে। গত শুক্রবার রাতে উপজেলার নবীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নবীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটোয়ারীতে নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ
আটোয়ারী (পঞ্চগড়)ঃ আটোয়ারীতে নৌকার নির্বাচনী অফিস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে আটোয়ারীর মির্জাপুর ইউনিয়নের পানবাড়া ভোট কেন্দ্রের নৌকার নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে। পানবাড়া ভোট কেন্দ্রের নৌকার নির্বাচনী কমিটির আহ্বায়ক সেলিম সরকার এ ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা করেছেন।
কলাপাড়ায় নৌকার নির্বাচনী অফিস ভাংচুর
কলাপাড়া (পটুয়াখালী)ঃ নৌকার মিছিলে ইটপাটকেলের অভিযোগে বিএনপির সমর্থককে হাতেনাতে আটক করে নৌকার সমর্থকরা। এ ঘটনাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ নির্বাচনী অফিস ভাংচুর করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় একটি মোটর সাইকেল ভাংচুর এবং ১০/১২ সমর্থক আহত হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় মো. হুমায়ুন কবিরকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সোবাহান রাঢ়ী, আলমগীর হোসেন, আইয়ুব আলী ফরাজী, নাসির হাওলাদারকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৪৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামি করে নৌকার সমর্থক মো. নাসির উদ্দিন হাওলাদার মামলা করেছেন। রাতে ধানের শীষের সমর্থক মো. মাসুম, মিলন মৃধা, হাসান আকন, কাদের খান, মোকছেদ হাওলাদারকে আটক করেছে পুলিশ।
মেলান্দহে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ
মেলান্দহ (জামালপুর)ঃ মেলান্দহে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা অফিসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে সাদিপাটি পচাবহেলা চাঁন মোড়ে ঘটনাটি ঘটে। কুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আ: সালাম জানান, রাতের অন্ধকারে বিএনপি কর্মীরা অগ্নিসংযোগ করেছে। তবে বিএনপি’র প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ঘটনার নিন্দা জানিয়ে বলেন-দু’দিন আগে কুলিয়া ইউনিয়নের বিএনপি নেতা শাহজাহান সাজুর বাড়িতে হামলা চালিয়ে মোটর সাইকেল ভাংচুর করেছে আওয়ামীলীগ নেতারা। থানায় অভিযোগও দেয়া হয়েছে। এটি ধামাচাপা দিতে অগ্নিসংযোগের ঘটনাটি সাজানো হয়েছে।
চাটমোহরে ধানের শীষের অফিস ভাংচুর
চাটমোহর (পাবনা) ঃ পাবনা-৩ আসনের চাটমোহর উপজেলায় শুক্রবার সন্ধ্যা ও রাতে বিএনপি মনোনীত প্রার্থী কে এম আনোয়ারুল ইসলামের একাধিক নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। মারপিটে আহত হয়েছেন বিএনপির ৫ কর্মী। এদের মধ্যে ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শুক্রবার রাতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামে নৌকার সমর্থকরা মিছিল বের করে। মিছিল শেষে আওয়ামীলীগ কর্মীরা চা স্টলে বসে থাকা বিএনপি কর্মীদের উপর হামলা করে মারপিট করে। এতে ৫ জন আহত হয়। আহতদের মধ্যে সোলায়মান সরদার (৫০) আঃ কুদ্দুস (৪০) নাজিমুদ্দিন (৫০) ও জিন্নাহ আলীকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় আঃ কুদ্দুসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে উপজেলার শরত্গঞ্জ,মথুরাপুর,কাটেঙ্গা ও গুনাইগাছায় ধানের শীষের ৫টি অফিস ভাঙচুর করা হয়েছে। অফিস ভাঙচুরের জন্য বিএনপি আওয়ামী লীগকে দায়ী করেছে। যদিও আওয়ামীলীগ এ অভিযোগ অস্বীকার করেছে।
