নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-২ আসনে মহাজোটের প্রার্থী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে দেখতে তার ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুরের হামিদ মঞ্জিলে যান বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। শুক্রবার বিকালে অসুস্থ প্রবীণ নেত্রীকে দেখতে গেলে তিনি ঘুমিয়ে থাকায় মেঝ ছেলে সাজেদ আকবরের নিকট থেকে তার খোঁজ-খবর নেন।
এ সময় শামা ওবায়েদ সৈয়দা সাজেদা চৌধুরীর আশু আরোগ্য কামনা করেন। সাজেদা চৌধুরীর ছেলের হাতে ধানের শীষের লিফলেট দিয়ে দোয়া চান। সংসদ উপনেতার ছেলে এবং এপিএস ওবায়েদের হাতে নৌকার লিফলেট দিয়ে সাজেদা চৌধুরীর জন্য দোয়া চান।
বিএনপি প্রার্থী শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী একজন প্রবীণ নেত্রী। তার অসুস্থতার খবর শুনে আমি তাকে দেখতে এবং তার নিকট দোয়া চাইতে এসেছি।
