কুবিতে ডয়েচে ভেলে একাডেমির নেটওয়ার্কিং বিষয়ক সম্মেলন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্মান ভিত্তিক বার্তা সংস্থা ডয়েচে ভেলে একাডেমির উদ্যোগে ‘নেটওয়ার্কিং কনফারেন্স অন জার্নালিজম এডুকেশন কানেক্টিং দ্য প্রফেশনালস’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মো. বেলাল হুসাইনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ সরকারের সাবেক তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মো. শহিদুল হক, প্রথম আলোর সাবেক স্পোর্টস এডিটর উৎপল শুভ্র, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অব নিউজ মামুন আবদুল্লাহ, ডয়েচে ভেলে একাডেমির কান্ট্রি ম্যানেজার প্রিয়া এসেলবর্ন।

দিনব্যাপী সম্মেলনে একটি ‘প্লেনারি সেশন’ ও দুইটি টেকনিক্যাল সেশনে আলোচকবৃন্দ বাংলাদেশের গণমাধ্যমের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও মোবাইল জার্নালিজম, ডেটা জার্নালিজম, সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহার প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়। 

আরও পড়ুন: সেই পাঁচ বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছে বিএসএফ

প্যানেল আলোচনায় ডয়েচে ভেলে একাডেমির পলিসি এন্ড কনসেপ্ট বিশেষজ্ঞ উডো প্র্যাঞ্জেলের উপস্থাপনায় আরও অংশ নেন- সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান, ইউ ল্যাবের সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জুড ডব্লিউ. আর. জেনিলো, নিউ ইয়র্ক টাইমসের স্ট্রিংগার জুলফিকার আলি মানিক, প্রথম আলোর সাবেক বার্তা সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। 

সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইত্তেফাক/এসি