এটা তামিমের প্রাপ্য

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৩

রকিবুল

 স্পোর্টস রিপোর্টার

তামিম ইকবাল ২৫০ রান পার হয়ে গেছেন। প্রতিটি সিঙ্গেল, দুই রানের সময় চিত্কার করেছেন ফিল্ডার রকিবুল হাসান। সতীর্থদের গলা ফাটিয়ে বলেছেন, ‘এখানে মার, ওখানে-ওখানে।’ যেদিকে ব্যাটসম্যান তামিম ছুঁটছিলেন। ওয়ালটন মধ্যাঞ্চলের খেলোয়াড়েরা অবশ্য রকিবুলের আহ্বানে সাড়া দিয়েও তামিমকে টলাতে পারেননি।

গতকাল মাঠে থেকে চোখের সামনেই ১৩ বছর আগের রেকর্ডটা হাতছাড়া হতে দেখেছেন রকিবুল। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের মালিক ছিলেন তিনি। ২০০৭ সালে ফতুল্লায় জাতীয় লিগে সিলেটের বিরুদ্ধে বরিশালের হয়ে অপরাজিত ৩১৩ রানের ইনিংস খেলেছিলেন রকিবুল। এরপর অনেক ব্যাটসম্যানই চেষ্টা করেছেন, কাছাকাছি গিয়ে ফিরেছেন। রেকর্ডটা অক্ষতই ছিল এতদিন। গতকাল রকিবুলের কাছ থেকে রেকর্ডটা কেড়ে নিলেন তামিম। অপরাজিত ৩৩৪ রান করে নতুন রেকর্ড গড়লেন বাঁহাতি এই ওপেনার।

মিড অফে ঠেলে দিয়েই রকিবুলকে টপকে যান তামিম। সঙ্গে সঙ্গে দৌড়ে এসে অভিনন্দন জানান রকিবুল। দিনের খেলা শেষে বিসিবিও সম্মান জানিয়েছে তামিমকে। মাঠেই কেক কাটা হয়। রকিবুলকে নিয়ে কেক কাটেন এই বাঁহাতি।

এই রেকর্ডটা তামিমের প্রাপ্য বলেই জানালেন রকিবুল। গতকাল তিনি বলেছেন, ‘প্রথমত আমি অভিনন্দন জানিয়েছি। আপনারা মনে হয় জানেন আমরা একসঙ্গে অনূর্ধ্ব-১৯ খেলেছি। আমাদের একসঙ্গে যাত্রা অনূর্ধ্ব-১৭ থেকে। সেদিক থেকে তামিম আমার অন্যতম সেরা বন্ধু। আমার খুব ভালো লেগেছে। আপনারা সবাই সাক্ষী, তামিম আজকে যেভাবে খেলেছে সে এটা ডিজার্ভ করে।’

তামিম অনেক বড়ো স্বপ্ন নিয়ে ব্যাটিং করেছেন। তবে দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ানের গর্বটা ঠিকই রকিবুলের স্মৃতিতে টাটকা রয়েছে। গতকাল তিনি বলেছেন, ‘ক্রিকেটার হিসেবে রেকর্ডের ক্ষেত্রে মনে হয় যে আমার রেকর্ডটা ওপরে থাকবে। সেদিক থেকে চিন্তা করলে একটু ওরকম লেগেছে আমার কাছে। ভালো লেগেছে ওর ব্যাটিং। দেখেই মনে হয়েছে ও বড়ো স্বপ্ন নিয়ে ব্যাটিং করছে। দারুণ ব্যাটিং করেছে। গতকালই (শনিবার) ও প্রায় আড়াই শ রান করে ফেলেছিল। তখনই মনে হয়েছিল ও বড়ো কিছুর দিকে যাচ্ছে।’

তিন শ’র কাছাকাছি থাকা তামিমকে স্লেজিং নাকি করেননি রকিবুল। তবে ব্যাটসম্যান তামিমই নাকি ফিল্ডার রকিবুলকে স্লেজিং করেছেন। তিনি বলেন, ‘আমি যতটা না ওরে (তামিম) স্লেজিং করেছি, ও ব্যাটিং করে আমাকে তার চেয়ে বেশি স্লেজিং করেছে।’