নিউজিল্যান্ড-ভারত
টি-টোয়েন্টি সিরিজ
স্পোর্টস ডেস্ক
বাইরের বিশ্বে অবস্থান যাই হোক না কেন নিজেদের মাটিতে বরাবরই অজেয় দল নিউজিল্যান্ড। আর সেখানে গিয়ে উপমহাদেশীয় যে কোনো দলের জন্য যে কোনো ফরম্যাটেই সিরিজ জয় খুব শক্ত ব্যাপার। ভারত সেটা আগেই করে রেখেছিল। এবার নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশই করে ছাড়ল বিরাট কোহলিরা।
মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে শেষ টি-টোয়েন্টিতে সাত রানের ব্যবধানে হারাল সফরকারীরা। নিয়মিত অধিনায়ক কোহলি মাঠের বাইরে থাকলেও জয় পেতে সমস্যা হয়নি রোহিত শর্মার অধীনে খেলতে নামা ভারতের।
পরিসংখ্যান অবশ্য নিউজিল্যান্ডের পক্ষেই ছিল। কারণ, দেশের মাটিতে সেই ২০০৫ সাল থেকে কেবল একবারই নিজেদের মাটিতে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে হেরেছিল দলটি। ২০০৮ সালে সেবার ইংল্যান্ডের বিপক্ষে তারা হেরেছিল ২-০ ব্যবধানে। এবার হোয়াইটওয়াশ হলো ভারতের বিপক্ষে।
নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৬৩ রান করে ভারত। জবাব দিতে নেমে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রান করতে সক্ষম হয় নিউজিল্যান্ড। ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ ১২ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। সিরিজ সেরা হয়েছেন ভারতের লোকেশ রাহুল।
আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২১ ফেব্রুয়ারি থেকে কেন উইলিয়ামসনের দলের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে বিরাট কোহলির দল।
