গর্বিত আকরাম ফুল মার্কস দিলেন হাবিবুল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৬

স্পোর্টস রিপোর্টার

তামিম ইকবাল তখন ট্রিপল সেঞ্চুরির দুয়ারে। বিসিবি কার্যালয়ে হেড কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন, দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারকে নিয়ে মিটিংয়ে ছিলেন আকরাম খান। তামিম ২৯৮ রানে পৌঁছাতেই রুম ছেড়ে বের হয়ে আসেন তারা। গ্র্যান্ড স্ট্যান্ডের রেলিংয়ে দাঁড়িয়ে আকরাম-নান্নু-হাবিবুলরা। সেখানে ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

ইতিহাসের মাহেন্দ্রক্ষণটার সাক্ষী হলেন তারাও। তামিম রেকর্ড গড়ার পর ভাতিজাকে নিয়ে উচ্ছ্বসিত আকরাম খান। খান পরিবারকে গর্বিত করেছেন তামিম। দুই দিন ধরে গোটা ইনিংসই দেখা নির্বাচক হাবিবুল বাশার এই বাঁহাতিকে দিলেন ফুল মার্কস।

তামিমের অপরাজিত ৩৩৪ রানের ইনিংস দেখে আকরাম তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘তামিম আজকে (গতকাল) রেকর্ড গড়ল। বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড। আমাদের জন্য খুবই গর্বের বিষয়। বিশেষ করে আমাদের পরিবারের জন্য। আমি খুবই গর্বিত।’

তামিমের ব্যাটিংয়ের প্রশংসায় হাবিবুল বাশার গতকাল বলেছেন, ‘তামিমের ইনিংসটা অসাধারণ। আমি প্রথম দিন থেকে ওর ব্যাটিং দেখেছি। ব্যাট করার আগ্রহটা। যারা আন্তর্জাতিক খেলে তারা ঘরোয়াতে আসলে ব্যাটিং করার প্যাশনটা থাকে না, লম্বা সময় ব্যাট করার। আন্তর্জাতিক ক্রিকেটে এত লম্বা সময় ব্যাট করা আরো কঠিন। প্যাশনটা এখান থেকে নিয়ে যেতে হবে। এ জায়গায় তামিম ফুল মার্কস পাচ্ছে সে যেভাবে ব্যাট করেছে। এই ধৈর্যটা, রানতো অবশ্যই ৩০০ এর বেশি করেছে অনেক বড়ো ব্যাপার। আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ও যত সময় নিয়ে ব্যাট করেছে সেটা। এতক্ষণ সময় ধরে আন্তর্জাতিক ম্যাচেও ব্যাট করলে ২০০-২৫০ রান হয়ে যাবে।’

এই রেকর্ড তামিমের প্রাপ্য বলছেন আকরাম খান। তিনি বলেন, ‘ও যে কোয়ালিটির খেলোয়াড় এটা তো ওর প্রাপ্য। পরিসংখ্যানই বলে দেয় তামিম কোনো মাপের খেলোয়াড়। আমাদের দুর্ভাগ্য যে ব্যস্ততার জন্য ওদের আমরা ঘরোয়া ক্রিকেটে সবসময় পাই না। তামিম, মুশফিক বা রিয়াদরা যদি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলতো তাহলে এর মান আরো উন্নত হতো। ভালো ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করাটা কত কঠিন বা ভালো বোলারের বিপক্ষে ব্যাটিং করাটা কত কঠিন এই জিনিসটা বুঝতে পারতো।’