দুটি জয় চায় বাংলাদেশ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৬

নারী দলের বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস রিপোর্টার

২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাছাই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলবে ‘এ’ গ্রুপে। গতকাল এই বিশ্বকাপ খেলার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে বাংলাদেশ। এই বিশ্বকাপে অন্তত দুটি ম্যাচ জিতলে হয়তো আগামী বছর বাছাইপর্ব খেলতে হবে না বাংলাদেশকে। ঢাকা ছাড়ার আগে অধিনায়ক সালমা খাতুন বললেন, অন্তত এই দুটি ম্যাচ জয় তাদের লক্ষ্য।

বাংলাদেশ এবারের বিশ্বকাপে খেলবে ‘এ’ গ্রুপে। এখানকার সেরা দুই দল যাবে সেমিফাইনালে। গ্রুপে বাংলাদেশের সঙ্গীরা হলো অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এই কঠিন গ্রুপে খেলার উদ্দেশে রওনা দেওয়ার আগে সালমা বললেন, ‘আমাদের এবার লক্ষ্য হচ্ছে সামনে যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কোয়ালিফাইং খেলতে না হয়। ম্যাক্সিমাম আমাদের দুটি ম্যাচ জিততে হবে, ঐ লক্ষ্য নিয়েই আমরা বিশ্বকাপে যাচ্ছি।’

৩ ফেব্রুয়ারি বিশ্বকাপকে সামনে রেখে বেশ আগেভাগেই অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পৌঁছাবে বাংলাদেশ দল। সেখান থেকে তারা চলে যাবে গোল্ড কোস্টে। ৭, ১০ ও ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ তিনটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে। এই ম্যাচগুলোর প্রতিপক্ষ ঠিক হয়নি।

১৬ ফেব্রুয়ারি থাইল্যান্ডের বিপক্ষে ও ২০ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে; পার্থে। ২৭ ফেব্রুয়ারি ক্যানাবেরায় অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিউজিল্যান্ড ও ২ মার্চ মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে আশাবাদ জানিয়ে সালমা বলেছেন, ‘দলে যারা নতুন আসছে তারাও ভালো করছে। আমি আশা করি যারা ম্যাচ পাবে তারা ভালো করবে। অভিজ্ঞ যারা আছে তারা সবাই ভালো করবে সেটাই আশা করছি। কারণ আমাদের বিশ্বকাপ দলটা অনেক ভালো হয়েছে।’