বিএনপি ক্ষমতায় এলে পদ্মা সেতুর নির্মাণ কাজ বন্ধ করে দেবে: আবুল হাসানাত আব্দুল্লাহ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২৩:১১

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রীর পদমর্যাদায় থাকা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে পদ্মা সেতুর নির্মাণ কাজ বন্ধ করে দেবে। তারা আগের মতো সন্ত্রাস ও দুর্নীতি শুরু করবে। একারণে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে হবে।

তাই এই মহান বিজয় দিবসের এ মাসে আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গৌরনদী-আগৈলঝাড়ার জাতীয় পার্টির নেতাকর্মী কর্তৃক আয়োজিত আওয়ামী লীগকে সমর্থন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

শনিবার দুপুরে গৌরনদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় পার্টির উপজেলা সভাপতি এ্যাড.ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমর্থন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী এসএম রহমান পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান প্রমুখ। এ সময় গৌরনদী ও আগৈলঝাড়ার জাতীয় পার্টির ২শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরকেজি